বিদেশি শক্তির উসকানিতে সন্ত্রাসীরা এখনো রাজনীতিতে: নওফেল
“আমরা বিশ্ববাসী কাছে বলতে চাই, যারা সন্ত্রাসী কাজ করে তাদের কি আপনারা আপনাদের দেশে রাজনীতি করতে দিতেন?”
কিছু বিদেশি শক্তির উসকানির কারণে এদেশে ‘সন্ত্রাসীরা’ এখনো রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকাল ৯টার দিকে নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ভোটের একদিন আগে ট্রেনে আগুন ও ভোটের আগেরদিন বিভিন্ন ভোটকেন্দ্রে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে নওফেল বলেন, “আমরা বিশ্ববাসী কাছে বলতে চাই, যারা সন্ত্রাসী কাজ করে তাদের কি আপনারা আপনাদের দেশে রাজনীতি করতে দিতেন? আমরা এতটুকু সহনশীল যে সন্ত্রাস করেও, মানুষ পুড়িয়েও তারা রাজনীতি করছে। শুধুমাত্র কিছু বিদেশি শক্তির উস্কানির কারণে।
“এ শক্তি যদি না থাকে তাদের পিছনে, জনগণ তাদের পিছনে নাই। এ শক্তি বিলীন হয়ে যাবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হবে। মানুষ পুড়িয়ে রাজনীতি করা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে।”
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এবারের নির্বাচনে সত্তরের নির্বাচনে বাঙালি জাতি যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন রায় দিয়েছিল সেধরণের স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। কারণ প্রথমবারের মত যে রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশ বিরোধী তারা এবার নির্বাচন বর্জন করছে, অনেকদিন পরে এসে। ২০১৪ সালেও তারা বর্জন করেছিল, এবারও বর্জন করেছে।
“কিন্তু ২০১৪ সালে তারা জ্বালাও পোড়াও ইত্যাদি করে মানুষকে ভয় লাগাতে পেরেছিল। কিন্তু এইবার তারা মানুষকে ঘরে রাখতে পারেনি। বাধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা ঐক্য সৃষ্টি হয়েছে। আমি সবাইকে আহ্বান করব পরিবার পরিজন নিয়ে নির্ভয়ে নি:সংকোচে সবাই ভোট দিতে আসুন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এসেছি। সবাই নিজ নিজ পরিবারে মা বাবা স্বামী স্ত্রী যারা আছে সবাইকে নিয়ে নির্বাচনী গণতন্ত্রের উৎসবে শরিক হন।”
নওফেল তার স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে কেন্দ্রে আসেন। তিনি ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
