Published : 11 Jan 2026, 08:24 PM
সাইবার সুরক্ষা ব্যবস্থা স্থাপনে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুল হক সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেটভিত্তিক সেবা, অনলাইন লেনদেন এবং তথ্য সংরক্ষণের উপর নির্ভরতা যত বাড়ছে, ততই সাইবার ঝুঁকি ও সাইবার আক্রমণের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে।”
ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর টার্মিনাল অপারেটিং সিস্টেম, ডিজিটাল গেট পাস সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেমসহ ব্যাপক প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফলে কাজের গতি বেড়েছে ব্যাপকহারে। তথ্যপ্রযুক্তি নির্ভর এ সেবা কার্যক্রমকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে রোববার বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়।
চুক্তি সইয়ের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক (নিরাপত্তা) মো. জহিরুল ইসলাম এবং সিস্টেমস অ্যানালিস্ট আকরাম চৌধুরী উপস্থিত ছিলেন।