২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘জায়গা নিয়ে বিরোধে’ চাচাত ভাইকে হত্যা

কথাকাটাকাটি ও বিতণ্ডার একপর্যায়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন শাহ নেওয়াজ, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

চট্টগ্রামে ‘জায়গা নিয়ে বিরোধ’ থেকে তর্কাতর্কির একপর্যায়ে চাচাত ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে।

শুক্রবার দুপুরে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহ আলমের (৫২) বাড়ি ঘাটিয়া পাড়ায়। আধুনগর বাজারে তার লেপ-তোষকের দোকান রয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “শাহ আলমের সঙ্গে বেশকিছু দিন ধরে তার চাচাত ভাই শাহ নেওয়াজের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার শাহ নেওয়াজ পারিবারিক সড়কে কিছু নির্মাণসামগ্রী এনে রাখেন। 

“এ নিয়ে দুপুরে দুজনের কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ নেওয়াজ কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করে বসেন।”

পরিবারের সদস্যরা শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শাহ নেওয়াজ পালিয়ে গেছে বলে জানান ওসি।