জমির বিরোধে চাচাত ভাইদের হাতে খুন ষাটোর্ধ্ব ব্যক্তি
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
চট্টগ্রামে জমির বিরোধে চাচাত ভাইদের ধারালো অস্ত্রের হামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত জাকির হোসেনের (৬৫) বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে। মঙ্গলবার সকালে হামলায় আহত হওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নুরুল আবছার (৬৪), তার ভাই নুরুল আক্তার (৬০) ও আক্তারের ছেলে ফয়েজ উদ্দিন (৩২)।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা জমি নিয়ে জাকিরের সাথে তার চাচাত ভাইদের বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে জাকিরের ওপর হামলা করে তার চাচাত ভাই ও ভাতিজা।
“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ওসি বলেন, পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
