২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যারা জনগণের জন্য কাজ করেনি, তাদেরকে প্রত্যাখ্যান করুন; সুজন

সুজন বলেন, “নাগরিক উদ্যোগ মনে করে, উন্নয়নবঞ্চিত প্রান্তিক এলাকার জনপ্রতিনিধিরা তাদের ভোটার কিংবা নাগরিকদের সঙ্গে সঠিক, ন্যায্য আচরণ করেননি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 08:29 PM

Updated : 27 Dec 2023, 08:29 PM

জনগণের ভোটে নির্বাচিত হয়েও যারা জনগণের জন্য কাজ করেননি, জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখেননি, ভোটে তাদেরকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন।

বুধবার নগরীর একটি কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে নাগরিক উদ্যোগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “সবাই দলে দলে ভোটকেন্দ্রে যান, নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করুন এবং সৎ, যোগ্য এবং ভালো মানুষকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা শতভাগ সত্য। তারপরও নাগরিকদের অনেক সমস্যা-অসুবিধা আছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন বলেন, “দেখা গেছে, অনেকে নির্বাচিত হওয়ার পর আর জনগণের খোঁজখবরই রাখেননি বা সরকার যে বরাদ্দ দিয়েছে সেটা ঠিকভাবে ব্যবহারও করেননি। দেখা যাচ্ছে, এমন অনেকেই আবারও প্রার্থী হয়ে এসে জনগণের কাছে ভোট চাচ্ছে। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী কোনো প্রার্থী নেই। এ অবস্থায় যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েও জনগণের জন্য কাজ করেননি, জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখেননি, তাদের যেন সবাই প্রত্যাখান করেন।”

নাগরিক উদ্যোগের এই প্রধান উপদেষ্টা বলেন, “সমৃদ্ধি-সম্ভাবনা সবই আছে, তারপরও কোথায় যেন না পাওয়ার বঞ্চনা চট্টগ্রামের নাগরিকরা প্রতি পলে পলে অনুভব করছেন। এ কী শুধু আবহমানকাল ধরে চলা বঞ্চনার মর্মগাথা, নাকি যাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের অক্ষমতার বহিঃপ্রকাশ- এ প্রশ্ন আজ নাগরিকদের মনে সঞ্চার হয়েছে।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, একাধিক ফ্লাইওভার, জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নসহ হাজার-হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামকে বদলে দেয়া হচ্ছে। 

“কিন্তু দেখা যাচ্ছে, এত উন্নয়নের পরও চট্টগ্রামের কোথাও কোথাও নাগরিকদের কাছ থেকে এখনও হতাশার সুর ভেসে আসে। যেমন- চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি সড়কসহ রেলসেতু নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। এ সেতুর সমস্যা শুধু বোয়ালখালী বা দক্ষিণ চট্টগ্রামের নয়। বহুমাত্রিক উন্নয়নমুখী অর্থনীতির যে মহাযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন, সেজন্য এ সেতু অত্যন্ত প্রয়োজনীয়।”

সুজন বলেন, “নাগরিক উদ্যোগ মনে করে, উন্নয়নবঞ্চিত প্রান্তিক এলাকার জনপ্রতিনিধিরা তাদের ভোটার কিংবা নাগরিকদের সঙ্গে সঠিক, ন্যায্য আচরণ করেননি। এটা নিজের ব্যর্থতা, উদাসীনতা নাকি জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করার মনোভাব সেই বিতর্কে আমরা যাচ্ছি না। এ প্রেক্ষাপটে এসে নাগরিক উদ্যোগের সুনির্দিষ্ট স্লোগান হচ্ছে- ‘কাম গরিবু যিবা, ভোট পাইব্যুদে ইবা।” 

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে উন্নয়ন-অগ্রযাত্রা সূচিত হয়েছে, সেটা বানচালের জন্য দেশি-বিদেশি শক্তি তৎপর হয়ে উঠেছে। তাদের টার্গেট নির্বাচন। তারা ভোট বানচাল করতে চায়। তারা দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যেতে চায়। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে পরাজিত পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

“নাগরিকদের প্রতি আহ্বান, আপনারা নির্বাচন বানচালকারীদের প্রত্যাখ্যান করে দলে দলে ভোটকেন্দ্রে আসুন। ভোট দিয়ে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করুন। এমন প্রতিনিধি বেছে নিন, যিনি সংসদে গিয়ে আপনার অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা উচ্চকন্ঠে তুলে ধরবেন।”

সভায় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, নুরুল কবির, মোরশেদ আলম, মো. সেলিম, জাহেদ আহমদ চৌধুরী, ডা. অঞ্জন কুমার দাশ, সমীর মহাজন লিটন, মো. বাবলু, রকিবুল আলম সাজ্জি, আব্দুর রহিম জিল্লু, পাভেল ইসলাম, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, মনিরুল হক মুন্না প্রমুখ।