২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৮৫৭৯ জন

এ বছর অংশ নিচ্ছেন ২৭৯টি কলেজের পরীক্ষার্থী, যেখানে গতবার এই সংখ্যা ছিল ২৬৭।

চট্টগ্রাম ব্যুরো

Published : 10 Aug 2023, 06:06 PM

Updated : 10 Aug 2023, 08:50 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে সাড়ে আট হাজার; পাশাপাশি বেড়েছে কলেজের সংখ্যাও। 

বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, তাদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন এক লাখ দুই হাজার ৪৬৮ জন, যা গত বছর ছিল ৯৩ হাজার ৮৮৯ জন। 

এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৭৯টি কলেজের পরীক্ষার্থী, যেখানে গতবার এই সংখ্যা ছিল ২৬৭। 

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ অগাস্ট থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চট্টগ্রাম বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৭২ হাজার ৬২০ জন, যার মধ্যে ৩৩ হাজার ৬৭২ জন ছাত্র, আর ৩৮ হাজার ৯৪৮ জন ছাত্রী। 

কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩২১, রাঙামাটিতে ৫ হাজার ৫৪০, খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮ জন এবং বান্দরবানে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৮৭৯ জন। 

এসব পরীক্ষার্থীদের জন্য ১১৩টি কেন্দ্রে আসন বিন্যাস করা হবে। এর মধ্যে চট্টগ্রামে ৬৯টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ৯টি ও বান্দরবানে সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। 

তবে তাতে বাদ সাধে কোভিড মহামারী। এই কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।  

২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।