Published : 30 Jun 2026, 02:28 PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন প্রায় এক লাখ শিক্ষার্থী।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
যার মধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, যার মধ্যে ১৬ হাজার ৩৪২ জন ছাত্র ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ ৩১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ডের তথ্য অনুযাযী, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কেবল চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৯৭৪ জন।
কক্সবাজারে ১২ হাজার ২৫৫, রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯, খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন ও বান্দরবান জেলায় তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ বলেন, পরীক্ষা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং আটটি বিশেষ টিম।
চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১৪টি কেন্দ্রে। চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র চট্টগ্রাম মহানগরে। এর বাইরে কক্সবাজার জেলায় ১৮টি, বান্দরবানে আটটি এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১০টি করে কেন্দ্র রয়েছে।
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে।
আরও পড়ুন-