Published : 18 Jun 2026, 06:19 PM
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "সারাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। দেখি কী হয়। এটা আপনারা জানেন, একেক বোর্ডের সঙ্গে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড একটু সহজ প্রশ্নপত্র করে; কোনো বোর্ড কঠিন প্রশ্নপত্র করে। একই বাংলাদেশে পরীক্ষা দেবে, এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। এটা হয় না।
" এক দেশ থেকে আরেক দেশে ‘ও’ লেভেল ‘এ’ লেভেলে প্রশ্নপত্র ভিন্ন হয় না। সেজন্য আমরা এটা করেছি; ভালোর জন্যই করেছি।"
আগামী ২ জুলাই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ মাস প্রাকৃতিকে দুর্যোগপ্রবণ ধরা হয়। বিগত বছরগুলো দুর্যোগের কারণে একাধিক শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা স্থগিতের নজির আছে।
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার সময় কোন একটি বোর্ডের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে সরকার কী পদক্ষেপ নেবে, তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
উত্তরে শিক্ষামন্ত্রী বলেন,"দুর্যোগের সঙ্গে প্রশ্নপত্রের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন বা অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। সেটা তো আমাদের ‘কোয়েশ্চেন ব্যাংকে’ চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমারজেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে; আমরা বিস্তারিত জানাব।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।