২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৩ জন শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

এইডিস মশার লার্ভা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 08:05 PM

Updated : 04 Jul 2023, 08:05 PM

চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়াল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, সোমবার নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত মো. মাহেদুল (৩৫) মারা যান। তিনি নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

“গত মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। আমরা দুই মাস আগে থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে বলছি ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের বিষয়ে। এখন সচেতন থাকতে হবে। এবং লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে।”

চলতি মাসে এ নিয়ে ডেঙ্গুতে চট্টগ্রাম জেলায় দুজনের মৃত্যু হলো। এর আগে গত জুন মাসে মারা যান ছয়জন।

চলতি বছর ডেঙ্গুতে মোট ১১জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে ৩ জন মারা গিয়েছিলেন। মাঝের চার মাস ডেঙ্গুতে কেউ মারা যাননি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পাঁচজন নারী, চারজন পুরুষ ও দুটি শিশু।

মৃতদের মধ্যে সাতজন নগরীর এবং একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে দুজন কক্সবাজার থেকে এবং একজন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন কার্যালয় চলতি জুলাই মাসের চার দিনেই ১৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার হিসাব দিয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ১০৫ জন।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয় জুন মাসে, ২৮২ জন। চলতি বছর এখন পর্যন্ত ৬১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪২৫ জনই নগরীর বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে ৮৯ জন।

২০২২ সালে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হন প্রায় সাড়ে ৫ হাজার জন।

সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, “প্রতিরোধে যারা ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রাখে, সেসব সংস্থাকে আগেই আমরা জানিয়েছি। সিটি করপোরেশন মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। ডেঙ্গু আক্রান্ত কারো থেকে যাতে তা না ছড়ায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

জেলায় মশক জরিপ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গত বছর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জরিপ করেছিল। এবার আবারও আমরা তাদের চিঠি লিখে জানাব।”