নুর ও হিরো আলমের ‘উত্থানে’ বিএনপির ‘হাত’ আছে: নাছির
নাছিরের প্রশ্ন ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মত এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক?
দেশের রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “হিরো আলম বা নুরের মত তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে। “
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ নগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলছিলেন সাবেক মেয়র নাছির।
কয়েক দিন আগে গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলন করে দলের সভাপতি হয়েছেন নুরুল হক নুর, যিনি দেড় বছর আগে গণঅধিকার পরিষদ গঠনের সময় ছিলেন সদস্য সচিব।
আর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আলোচিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় নাছিরের কাছে রাজনীতিতে নুর ও হিরো আলমের ‘উঠে’ আসার কারণ নিয়ে প্রশ্ন করা হলে এসব ঘটনার পেছনে বিএনপিকে দায়ী করেন তিনি।
নাছির বলেন, “একজন রাজনীতিবিদ হিসেবে বলব, এটা দুঃখজনক। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।“
নির্বাচনে ‘প্রার্থী হওয়ার অধিকার সবার আছে’ মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সবার প্রতি সম্মান রেখেই বলছি, ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মত এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক? “
পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে বাংলাদেশের রাজনীতিকে ‘ভিন্ন ধারায়’ পরিচালিত করার জন্য ‘অনেক অপচেষ্টা’ করা হয়েছে বলেও অভিযোগ করেন নাছির।
জাতীয় নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “ইইউ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন সামগ্রিক অবস্থা দেখতে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা এখনো দেননি। বিদেশি প্রতিনিধিরা হয়ত তাদের প্রতিক্রিয়া দেবেন। তবে একটা কথা বলতে চাই, আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।”
গত সাড়ে ১৪ বছরে দেশে ‘অভূতপূর্ব’ উন্নয়ন হয়েছে দাবি করে নাছির বলেন, “প্রত্যেক সূচকে দেশ উন্নয়ন করেছে। অন্ধ ও বধির ছাড়া সবাই উন্নয়ন দেখছেন। এর সুবিধা বিএনপি নেতারাসহ সকলেই ভোগ করছে। বিরোধীতার কারণে তারা শুধু বিরোধিতা করছে।”
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এছাড়া উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ আরও অনেকে।
ভোট নিয়ে শঙ্কা নাছিরের
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন বানচালের আশঙ্কা প্রকাশ করে, সেরকম কোনো ইচ্ছা থাকলে তা থেকে সরে যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আ জ ম নাছির উদ্দীন।
মত বিনিময় সভায় তিনি বলেন, “আমরা দেশের রাজনীতিতে আলোচিত ও চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ। রাজনীতিতে চট্টগ্রামের ভূমিকা অনস্বীকার্য।
“চট্টগ্রাম মহানগরে একটি নির্বাচন হতে যাচ্ছে, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের শূন্য আসনে। একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে বিরত আছে। শুধু তা নয়, তারা ষড়যন্ত্রে লিপ্ত।”
বিএনপি ‘ভুল থেকে শিক্ষা নেয়নি’ মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “অতীতের জ্বালাও পোড়াও আকড়ে ধরে ভবিষ্যতে একই পন্থা অবলম্বনের অপচেষ্টায় আছে। ধারণা করছি, উপ নির্বাচনকে ঘিরে এ ধরনের কিছু করতে পারে। এ রকম কিছু যাতে না হয়।”
এক প্রশ্নের জবাবে নাছির বলেন, “নির্বাচন বানচালের আশঙ্কা তো আছেই। তাদের আহ্বান, যা করবেন নিয়ম মেনে করবেন। তারা যেন নির্বাচন বানচালের মত কোনো ইচ্ছা থাকলে সেখান থেকে সরে আসবেন। এটা তাদের প্রতি আহ্বান।
“অনুরোধ করব সকল পক্ষের প্রতি। চট্টগ্রাম বন্দর নগর। দেশকে ও মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া উচিত। যাতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়। সহিংস পথ পরিহার করে জাতীয় নির্বাচনে অংশ নিবেন, এ আহ্বান করব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করেছেন নির্বাচনে অংশগ্রহণ করতে।”
নাছির বলেন, “আজ ঢাকায় দুটি সমাবেশ। যতটুকু জানি উনারা এক দফার সমাবেশ করবেন। আরেকটি আওয়ামী লীগের শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না।”
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “৩৭টি দলকে অনুরোধ করব, বাণিজ্য নগরী চট্টগ্রাম। রাজনীতিকে রাজনীতিতে রাখবেন। কোনো সহিংসতাকে যেন উসকে না দেয়। গতবার চট্টগ্রামে সমাবেশের আগে তারা আমার সাথে যোগাযোগ করেছিল। যেখানে চেয়েছে, সেখানে সমাবেশ করেছে। কিন্তু যাওয়ার সময় বঙ্গবন্ধুর দেয়াল চিত্র ভেঙে দিয়ে তাদের মানসিকতার প্রকাশ ঘটিয়েছে। সেরকম কিছু চাই না।”
আরেক প্রশ্নের জবাবে নাছির বলেন, “কেউ নিজে থেকে ভোটে না এলে, সেটা তাদের বিষয়। ভোট পর্যবেক্ষণ থেকে শুরু করে নির্বাচন আয়োজনে যা কিছু প্রয়োজন সবই নির্বাচন কমিশন করবে।
“আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এসেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সবার গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের অধিকার আছে৷ নিয়মতান্ত্রিকভাবে করলে কোনো সমস্যা নেই। মানুষের জানমালের হুমকি হলে আইনশৃঙ্খলা বাহিনী আছে। আমরাও রাজপথে থাকব। যখন যে পরিস্থিতি হয় তা মোকাবেলা করব।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “সন্ত্রাস ও সংবিধান একসাথে চলতে পারে না। বিএনপি সহিংসতা করতে চায়। আওয়ামী লীগ আগেও রাজপথে ছিল। এখনও থাকবে।”
সভায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, “৪২ বছর আগে রাজনীতি শুরু করেছি। অতীতে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায়, চট্টগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন ও বঞ্চনা মেটাতে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সকল সংগ্রামে সামিল হয়েছি।
“এটাই চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাস। আমি নির্বাচিত হলে শুধু নৌকার বিজয় হবে তা নয়। আর সাড়ে ১৪ বছর আগে নৌকার বিজয়কে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ছিটমহল পর্যন্ত নিয়ে গেছেন।”
মহিউদ্দিন বাচ্চু বলেন, “মানুষ ভুল ত্রুটির উর্ধে নয়। অতীতে না বুঝে ভুল করে থাকতে পারি। চট্টগ্রামের মানুষকে আমি শ্রদ্ধা করি। ব্যক্তি বা সমাজের কারো কষ্টের কারণ আমি কখনো হইনি। কম বয়সে না বুঝে কারো কষ্টের কারণ হলে, ক্ষমা প্রার্থী।
“মানুষকে ভালোবাসার ইচ্ছে নিয়ে রাজনীতিতে এসেছি। সেই রাজনীতিকে ধারণ করে আজ পর্যন্ত এসেছি। চট্টগ্রামের কিছু নির্দিষ্ট কষ্ট আছে, কিছু অপ্রাপ্তি আছে। কষ্ট লাগবে সরকার অনেক উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চট্টগ্রামের উপরে আছে। এখানকার দুঃখ বেদনা তিনি জানেন। প্রত্যাশার সাথে সমস্ত রাষ্ট্রীয় প্রচেষ্টাকে যুক্ত করেছেন।”
নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনের মানুষের ‘প্রত্যাশা পূরণে’ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন মহিউদ্দিন বাচ্চু।
উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে এক প্রশ্নে নাছির বলেন, “ভোটার উপস্থিতি বাড়াতে সাংগঠনিক সর্বশক্তি নিয়োগ করে প্রত্যেক ভোটারের কাছে ৫-৭ বার করে যেতে চাই। পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।”
