২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি রেল স্টেশনে দোকান দখল নিয়ে উত্তেজনা ও বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫

যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার এজাহারে তিন থেকে সাত নম্বরে তাদের নাম রয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 02:33 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে দোকান দখলকে কেন্দ্র করে বিস্ফোরণ ও শিক্ষার্থী- গ্রামবাসী উত্তেজনার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

হাটহাজারি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মো. হাবিবুর রহমান জানান। 

গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. ইলিয়াছ ওরফে ফারুক (৪০), মো. সুমন (২৯), মো. ইসতিয়াক আহমেদ (২২), মো. রাশেদ (৩০) ও মো. আবু তাহের (৫৫)। 

হাটাহাজারি থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান দখলের চেষ্টার ঘটনায় দোকান মালিক শেখ মাহাদি হাসান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন, সেখানে অজ্ঞাতপরিচয় আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। 

যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার এজাহারে তিন থেকে সাত নম্বরে তাদের নাম রয়েছে বলে জানান ওসি। 

সোমবার ভোর রাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় একটি দোকান দখলকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় শিক্ষার্থীরা রেল স্টেশন সংলগ্ন জিরো পয়েন্টে জড়ো হলে গ্রামবাসীরা তাদের ওপর হামলার অভিযোগ করে মাইকে ঘোষণা দেয়। 

দোকান দখল নিয়ে চবিতে উত্তেজনা, গ্রামবাসীর সড়ক অবরোধ

উত্তেজিত গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর সড়কের রেল ক্রসিংসহ বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দোকান দখলকারীরা কয়েকজন শিক্ষার্থীকে সে সময় মারধর করারও অভিযোগ ওঠে।

দোকান দখলের নেতৃত্বদানকারী হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় হানিফ নামে একজনকে দায়ী করে আসছিলেন, যিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে শিক্ষার্থীদের ভাষ্য।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেল স্টেশন এলাকায় আপ্যায়ন নামে একটি রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তার বাহিনীর লোকজন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে হামলা ও ভাংচুর করে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।