দোকান দখল নিয়ে চবিতে উত্তেজনা, গ্রামবাসীর সড়ক অবরোধ
গ্রামবাসীর অবরোধের কারণে সকালে ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটের বাসগুলো ছেড়ে আসতে পারেনি নির্দিষ্ট সময়ে। সে কারণে বিভিন্ন বিভাগের সকালের কিছু ক্লাসও হয়নি।
একটি দোকানের দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং আশপাশের এলাকার গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
এর জেরে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে গ্রামবাসী সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে একটি দোকানের দখল নিয়ে মালিকের সঙ্গে স্থানীয় কিছু লোকের বিরোধ ছিল। ভোর রাতে রেল স্টেশনের ১ নম্বর সড়কে বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনার পর হলের শিক্ষার্থীরা রেল স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়কে মিছিল করেন ।
এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে ১ নম্বর সড়কের রেল ক্রসিংসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখে। ফলে সকাল থেকে প্রায় দুই ঘণ্টা ক্যাম্পাস থেকে কোনো ধরনের যানবাহন শহরের দিকে যেতে পারেনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেনেছি রেল স্টেশনে একটি দোকানের দখল নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে দোকান মালিকের ঝামেলা চলছিল। ভোরের দিকে ৫০/৬০ জন লোক রেল স্টেশনে গিয়ে ওই দোকানের দখল নিতে ব্যাপক বোমাবাজি করে।
“ভোররাতে বোমাবাজির শব্দ শুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে কেউ বোমাবাজির খবর জানিয়ে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করে। এরপর শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়।”
তখন ‘শিক্ষার্থীরা হামলা করতে আসছে’ বলে মাইকে ঘোষণা দেয় এলাকাবাসী। কিছু গ্রামবাসী ১ নম্বর সড়কের রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে যায়।
প্রক্টর বলেন, ভোর রাত থেকে এ ধরনের পরিস্থিতি চলার পর সকাল ৮টার দিকে তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে রেল ক্রসিং এলাকায় গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। পরে গ্রামবাসী ব্যারিকেড তুলে নেয়।
এদিকে গ্রামবাসীর অবরোধের কারণে সকালে ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটের বাসগুলো ছেড়ে আসতে পারেনি নির্দিষ্ট সময়ে। সে কারণে বিভিন্ন বিভাগের সকালের কিছু ক্লাসও হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে কিছু বাস ক্যাম্পাস থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। এরপর আমরা কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখি। সকাল ৯টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”
তিনি বলেন, কিছু বাস ক্যাম্পাস থেকে নির্ধারিত সময়ে বের হতে না পারায় স্বাভাবিকভাবেই শহর থেকেও ছাড়তে বিলম্ব হয়েছে। পরে সব রুটের বাস চলাচল স্বাভাবিক হলে শিক্ষকরা ক্যাম্পাসে এসেছেন; ট্রেনও ঠিক সময়ে এসেছে।
সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব প্রক্টরের
ক্যাম্পাসে গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা এড়াতে দুই পক্ষকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কথা বলেছেন প্রক্টর অধ্যপক তানভীর হায়দার।
তিনি বলেন, “ভুল বোঝাবুঝির কারণে গ্রামবাসী ব্যারিকেড দিয়েছিল। আমি নিজে তাদের সাথে কথা বলতে গ্রামে গেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তাদের আমরা একটি সমন্বয় কমিটি গঠনের কথা বলেছি। তারাও রাজি হয়েছে।
“দুপুরে গ্রামবাসীদের তিন জন প্রতিনিধি প্রক্টর অফিসে আসবেন। আমাদের প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীরা মিলে একটি সমন্বয় কমিটি করব। যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা না ঘটে।”
