চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু
গত মঙ্গলবার রাতে থানায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন এসআই মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় আহত পুলিশের এক এসআই চিকিৎসাধীন অবস্থায় হাসপালাতে মারা গেছেন।
এসআই মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের আকবর শাহ থানায় দায়িত্বরত ছিলেন। তিন সন্তানের বাবা মোস্তাফিজুরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গত মঙ্গলবার রাতে বাসা থেকে মোটর সাইকেল চালিয়ে থানায় যাচ্ছিলেন মোস্তাফিজুর। পথে বড়পুল এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়।
এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার তার মাথায় অস্ত্রোপাচার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান মোস্তাফিজুর।
সহকারী কমিশনার সেলিম জানান, মোস্তাফিজুর চট্টগ্রামে একাই থাকতেন। তার পরিবার থাকে ঢাকায়। তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছোট মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আর ছেলে ঢাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
