১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে গুলিতে যুবক খুন, শিশুর চোখে গুলি

নিহত যুবকের বাড়ি রাউজান উপজেলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 12:29 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

চট্টগ্রামের রৌফাবাদে বোনের বাড়িতে বেড়াতে আসা রাউজানের এক যুবক গুলিতে খুন হয়েছেন। এসময় চোখে গুলি লেগেছে এক শিশুর।

বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম রাজু। ২৪ বছর বয়সি এ যুবকের বাড়ি রাউজান উপজেলায়।

নিহত যুবক গত তিন দিন ধরে রৌফাবাদে বোনের বাসায় ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।

গুলিতে আহত রেশমী আক্তার নামে ১১ বছর বয়সি শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকজন ব্যক্তি রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় এক শিশুও আহত হয়েছে। গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

“প্রাথমিকভাবে জেনেছি তার বাড়ি রাউজান। গত তিন দিন ধরে তিনি রৌফাবাদে বোনের বাসায় ছিলেন।” 

রাউজানের কোনো বিরোধে রাজু খুন হতে পারেন বলে ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, “নিহত যুবক এখানে থাকেন না। তাকে হঠাৎ কেন গুলি করা হলো সেটি আমরা খোঁজ নিচ্ছি।“

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক স্বজনদের বরাতে বলেন, শিশুটি বাসা থেকে বের হয়ে দোকানে যাবার পথে কিছু লোক গুলি ছোঁড়ে। একটি গুলি শিশুটির চোখে লাগে।