২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রামে জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

চলতি বছরে এই বোর্ডের পাসের হার এসেছে ৭৪ দশমিক ৪৫ শতাংশ; যা গত বছর ছিল ৮০ শতাংশের বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 05:37 PM

Updated : 26 Nov 2023, 05:37 PM

এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটাই কমেছে।

চলতি বছরে এই বোর্ডের পাসের হার এসেছে ৭৪ দশমিক ৪৫ শতাংশ; যা গত বছর ছিল ৮০ শতাংশের বেশি।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১২ হাজার ৬৭৯ জন।

রোববার বিকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এবছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এবারে এই বোর্ড থেকে পরীক্ষায় বসেছিলেন ১ লাখ ১ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গেছে পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন। অর্থাৎ পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ।

গতবছর এই হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া এই বোর্ডে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। আর ৭১ দশমিক ২৪ শতাংশ ছাত্র পাস করেছে এবারের এইচএসসিতে।

এগিয়ে বিজ্ঞান

প্রতিবছরের মত এবছরও এগিয়ে আছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৪৫ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়া সর্বনিম্ন মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ২২শতাংশ।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২২৬ জন; ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫৬৩ জন আর ৫৫০ জন পেয়েছেন মানবিক থেকে।

চট্টগ্রাম মহানগরীর কলেজগুলোতে পাসের হার ৮৫ দশমিক ১৯ শতাংশ, উপজেলায় এ হার এবার ৬৮ দশমিক ৫৬ শতাংশ।

কক্সবাজার জেলায় এবার পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬৪ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬২ দশমিক ২৭ শতাংশ এবং বান্দরবান জেলায় ৬৬ দশমিক ৮১ শতাংশ।