চট্টগ্রামে ডেঙ্গুতে ৫০ মৃত্যুর অর্ধেকই অগাস্টে
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে, যার অর্ধেকই মারা গেছে অগাস্ট মাসের ২২ দিনে।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার ডেঙ্গুতে এক নারী ও এক যুবক মারা গেছেন।
মারা যাওয়া জুলেখা আক্তার (২৮) এবং হিরা মিয়া (১৮) দুজনই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।
চলতি বছর এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মারা গেল ৫০ জন। যার মধ্যে চলতি মাসে ২৫ জন এবং জুলাই মাসে ১৬ জন মারা গেছেন। অর্থাৎ জুলাই ও অগাস্ট মিলিয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা ২০২২ সালের ডেঙ্গুতে মোট মারা যাওয়ার সংখ্যার সমান।
২০২২ সালে জেলায় পুরো বছরে মোট ৪১ জন মারা যান। যার মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল নভেম্বর মাসে।
চলতি বছর জেলায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ১৯ জনই শিশু। ১৮ জন নারী এবং ১৩ জন পুরুষ।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৪৯৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৩৪০৩ জন নগরীর বাসিন্দা। আর উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে ৬১৭ জন।
বুধবার ২৬৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
