১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে হিন্দু বাড়িতে আগুন, জড়িতদের তথ্য দিলে পুরস্কার

পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 01:24 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

চট্টগ্রামের রাউজানে দরজা আটকে বসত বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

বুধবার উপজেলার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ এ পুরস্কার ঘোষণা করেন। তবে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা বলা হয়নি।

আগের দিন মঙ্গলবার ভোরে রাউজান পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে একটি বসত ঘরে দরজা আটকে দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড়িটি কাতার প্রবাসী সুখ শীল নামের এক ব্যক্তির। সেখানে তার বোন ও বোন জামাই অনিল শীল থাকেন।

আগুনে পুড়ে যাওয়া বাড়ির কাছ থেকে পুলিশ হাতে লেখা বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের ব্যক্তিদের নাম ও মোবাইল নম্বর লেখা ব্যানার জব্দ করে।

বুধবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে বাড়ির আসবাবপত্র, জরুরি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার পুলিশ কর্মকর্তাদের পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘরবাড়ি পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।

এদিকে গত শনিবার ভোর রাতে একই কায়দায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাশ নামে দুই ব্যক্তির বসতঘরে আগুন দেওয়া হয়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসিন্দারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাইরে থেকে দরজা আটকানো থাকার বিষয়টি বুঝতে পারেন।

দুটি বসতঘরই দরজার বাইরে থেকে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। আর উঠানে কেরোসিন লাগানো কাপড় পড়ে থাকতে দেখা যায় বলে স্থানীয়দের ভাষ্য।

এর আগে শুক্রবার ভোর রাতে কেউটিয়া ৭ নম্বর ওয়ার্ডে সাধন বড়ুয়া ও ৯ নম্বর ওয়ার্ডের সোনা পাল ও কামিনী মোহন পালের বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ওই দিনও উঠান থেকে কেরোসিন মিশ্রিত কাপড়, বিভিন্ন নেতা ও সরকারের ঊর্ধ্বতনদের নাম ও মোবাইল নম্বর লেখা কাগজ উদ্ধার করে পুলিশ।

রাউজানে দরজা আটকে বসতঘরে আগুন