১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন ঘিরে নৌবাহিনীর ৫০০০ সদস্য মোতায়েন আছে: নৌ প্রধান

দেশের ২৩টি উপজেলা এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা সিটি করপোরেশন এলাকায় নৌ সদস্যরা মোতায়েন রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার উপকূলীয় উপজেলা কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

নাজমুল হাসান বলেন, অতীতের নির্বাচনে তাদের ২৭ থেকে ২৮ শর মত জনবল নিয়োগ করা হলেও এবার ‘রেকর্ড সংখ্যক’ নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। 

দেশের ২৩টি উপজেলা এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা সিটি করপোরেশনে মোট পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সাতটি নৌবাহিনী জাহাজ সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নৌ সদস্যরা পূর্ব ও পশ্চিম সমুদ্র সীমানায় টহল বলবৎ রেখেছেন জানিয়ে বাহিনী প্রধান বলেন, “নৌবাহিনীর প্রতিটি সদস্য শুধু নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে নিয়মিত যে দায়িত্ব সে দায়িত্বও পালন করে যাচ্ছে।” 

তিনি জানান, ভোটের দায়িত্ব পালনের সময় বাহিনীর প্রতিটি কন্টিজেন্টের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সেগুলোর মাধ্যমে নৌসদর দপ্তর এবং চট্টগ্রাম ও খুলনার মনিটরিং সেন্টার থেকে জানা যাবে–কোথায় কী ঘটনা দুর্ঘটনা ঘটছে। 

প্রায় দেড় বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নিয়োজিত রয়েছে, সে কথা তুলে ধরে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “এটার চূড়ান্ত পর্ব জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। নির্বাচন কমিশনের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশন্ত্রবাহিনী ও বেসামরিক বাহিনীসহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। 

“আমাদের সবার লক্ষ্য একটা সুষ্ঠূ সুন্দর নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্র এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া।”

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, অধিনায়ক র‍্যাব-১৫, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।