২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ‘এক দফা’ হালে পানি পায়নি: হাছান মাহমুদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলতে হয় সেটি নির্বাচন কমিশনের সঙ্গে বলতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

Published : 14 Jul 2023, 06:33 PM

Updated : 15 Jul 2023, 10:03 AM

সরকারের পদত্যাগের যে এক দফা দাবি বিএনপি তুলেছে, তা দেশে যেমন হালে পানি পায়নি, তেমনি বিদেশিদের সমর্থনও জোটেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারাণ সম্পাদক হাছান মাহমুদ। 

শুক্রবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ইউজি ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স-ব্রিজ প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, “বিএনপি আশা করেছিল বিদেশি প্রতিনিধিরা এসে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের কথা বলবে, এটা কেউ বলেনি। কারো সাথে কোনো আলাপে এই প্রসঙ্গটাই আসেনি। 

“বিএনপির এক দফা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠন। এটি বাংলাদেশে যেমন হালে পানি পায়নি, বিদেশিদেরও কারো সমর্থন তারা পায়নি। 

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার নয়া দিল্লি থেকে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি দল। 

বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বরতদের সঙ্গে বৈঠক করেন। 

বছর শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজরা জেয়ার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। 

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিদেশিদের সাথে শুধু আলোচনায় এসেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। এমনকি সবার অন্তর্ভূক্তিমূলক নির্বাচন, সেই কথাটাও আসেনি।” 

বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, “সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।” 

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির এক দফা দাবির বিষয়ে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, “গত পরশুদিন বিএনপি ঘোষণা করেছিল এক দফা, পরেরদিন দেখলাম ৩১ দফা, আসলে বিএনপির কয় দফা এটা নিয়েই অনেকের মনে প্রশ্ন জেগেছে। 

“২০১৩ সাল থেকেই এক দফার আন্দোলন শুনে আসছি। এটি হচ্ছে সাপের খোলস বদলানো এবং একই ঢোল বারবার বাজানোর মতো। সাপ যেমন ক’দিন পরপর খোলস বদলায়, বিএনপিও সাপের খোলস বদলানোর মতো বছরান্তে একদফার কথা বলে, এতে নতুনত্বের কিছু নেই।” 

সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার সংলাপের উদ্যোগ নিবে কিনা এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। সংলাপ নিশ্চয়ই নির্বাচন কমিশনের সঙ্গে হতে পারে। সুতরাং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলতে হয় সেটি নির্বাচন কমিশনের সঙ্গে বলতে হবে। তারা নির্বাচন কমিশনের কাছে যেতে পারে, তাদের বক্তব্য তুলে ধরতে পারে। নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে আমরাও যাব।”