২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পানি সরাতে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন

সোমবার সিসিসির দলটি নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ফুলতল, বাড়ইপাড়া, এনায়েতবাজার, তিনপোলের মাথা, নিউ মার্কেট, স্টেশন রোড, কাপাসগোলাসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 07:58 PM

Updated : 07 Aug 2023, 07:58 PM

টানা বৃষ্টিতে তিনদিন পানিতে নগরী ডুবে থাকার পর চতুর্থ দিন জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

সোমবার সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

তিনি বলেন, “মেয়র মহোদয়ের নির্দেশক্রমে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষদের সরিয়ে দিতে থাকি।

“এছাড়া পানিবন্দি এলাকাগুলোতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিচ্ছেন কাউন্সিলররা। যেসমস্ত সড়ক ভেঙে গেছে সেগুলোও মেরামত এবং যে সমস্ত পয়েন্টে পানি আটকে গেছে সেগুলোতে পানি অপসারণে কাজ চলছে।”

সোমবার সিসিসির দলটি নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ফুলতল, বাড়ইপাড়া, এনায়েতবাজার, তিনপোলের মাথা, নিউ মার্কেট, স্টেশন রোড, কাপাসগোলাসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে।

এরমধ্যে যেসব স্থানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেসব স্থানে তাৎক্ষণিকভাবে সেবকদের দিয়ে এসক্যাভেটর ও লং বুম ব্যবহার করে পানি প্রবাহ সচল করার কাজ শুরু করা হয় বলে সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও দ্রুত পানি অপসারণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী বাঁধ তৈরির জন্য সিসিসির প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের নেতৃত্বে নগরীর জলমগ্ন এলাকাসমূহ পরিদর্শন করে প্রকৌশলী দল।

এই দলে ছিলেন সিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ এবং নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দীক ও আনোয়ার জাহান।

এসময় তারা দ্রুততম সময়ে সড়ক সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নগরীর বেশ কিছু এলাকা শুক্রবার থেকে জলাবদ্ধ। এসব এলাকার প্রধান সড়ক, দোকানপাট, বিপনীকেন্দ্র এবং বাসাবাড়ি পানির নিচে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সোমবার বিকাল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার বিকাল ৩টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছিল ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত।

সে হিসেবে শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত শুক্রবার থেকে নগরীর নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, ফুলতল, চেয়ারম্যান ঘাটা, কে বি আমান আলী সড়ক, দুই নম্বর গেট, মুরাদপুর, কাতালগঞ্জ, আরাকান রোড, চান্দগাঁও, বাকলিয়া, ডিসি রোড, হালিশহরের কয়েকটি এলাকা, সল্টগোলা-ইপিজেড সড়ক, বড়পোলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

শনিবার পানির উচ্চতা কিছুটা কম থাকলেও আগেরদিনের প্রায় সব এলাকায় জলাবদ্ধতা ছিল।

রোববার দুপুর থেকে নগরীতে নতুন করে শমসেরপাড়া, ঈশান মিস্ত্রির হাট, অক্সিজেন মোড়, মৌলভি পুকুর পাড়, আনন্দবাজার, হালিশহরের এল ব্লক, পুলিশ লাইন, শাপলা আবাসিক এলাকা, শান্তিবাগ ও হাজীপাড়া এলাকায় পানি বাড়তে থাকে।

রোববার বিকাল থেকে টানা মুষলধারে বৃষ্টি চলতে থাকে। রোববার বিকাল থেকেই নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, মুহুরী পাড়া, ব্যাপারি পাড়া, মিস্ত্রি পাড়া এবং হালিশহরের বিভিন্ন ব্লকে নতুন নতুন এলাকা তলিয়ে যেতে থাকে।

এদিন সন্ধ্যার পর কিছুটা বিরতি দিয়ে রাত ১০টার পর থেকে আবার ভারি বর্ষণ শুরু হয়। রাত সাড়ে ১১টায় শুরু হয় জোয়ার। এই জোয়ারের সময়ে আগ্রাবাদ ও হালিশহরের বেশিরভাগ এলাকা তলিয়ে যায়।

সোমবার সকালে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, কাপাসগোলা এলাকায় পানি ছিল রোববারের তুলনায় কম। তবে আগ্রাবাদ ও হালিশহরের বিভিন্ন এলাকায় ছিল হাঁটু থেকে কোমর সমান পানি।