চট্টগ্রামে লরি চাপায় প্রাণ গেল তিন শ্রমিকের
মহাসড়কের পাশে গ্যাস লাইন সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় চট্টগ্রামগামী কন্টেইনারবাহী লরি তাদের চাপা দেয়।
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস লাইনে ত্রুটি মেরামতের কাজ করার সময় কন্টেইনারবাহী লরি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলা সদরের তালবাড়িয়া বিসিক রাস্তার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সোহেল সরকার জানান।
নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২), মাসুদ মিয়া (৩৫)
পরিদর্শক সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কের পাশে গ্যাস লাইন সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি লরি তাদের চাপা দেয়।"
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর লরিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
