চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ওই যুবককে ধরতে অভিযান চলছে জানিয়ে তার নাম প্রকাশ করতে চাননি ওসি।
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবকের প্রাণ গেছে, যার নামে ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা আছে।
নগরীর স্টেশন রোড পাখি গলিতে রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম সাহেদ হোসেন মনা (২৮)।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনার সাথে অপর এক যুবকের সাথে ভাতের হোটেল পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। সোমবার রাতে মনা পাখি গলিতে অবস্থান করছে- খবর পেয়ে সেখানে লোকজন নিয়ে যায় হামলাকারী যুবক।
“মনাকে পেয়েই তাকে কিলঘুষি মারে এবং এক পর্যায়ে পা এবং কোমরে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওই যুবককে ধরতে অভিযান চলছে জানিয়ে তার নাম প্রকাশ করতে চাননি ওসি।
পুলিশ জানায়, গত বছরের ৯ জুলাই দিনে দুপুরে নগরীর কোতোয়ালী থানার আমতল এলাকা থেকে মোবাইল ফোন ডিলারের দুই কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি ছিল মনা।
গত বছরের ৯ জুলাই দুপুরে রিয়াজউদ্দিন বাজারের নূর এন্টারপ্রাইজ নামে একটি মোবাইল সেট ডিলার প্রতিষ্ঠানের দুই কর্মী ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। সেসময় সাত-আটজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। এ ঘটনাতেও গ্রেপ্তার হয়েছিল মনা।
গত বছরের এ ঘটনার পর মনাসহ চার জনকে গ্রেপ্তারের পর নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, মনার নেতৃত্বে টাকাগুলো ছিনতাই হয়েছিল। একরামুল নামে রেয়াজিউদ্দিন বাজারের সাবেক এক ব্যবসায়ীর তথ্যে মনা ছিনতাই করেছিলেন।
এরপর জামিনে ছাড়া পেয়ে মনা আরও একটি অস্ত্র মামলায় আসামি হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুরানো খবর:
