২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ: বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 04:22 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

খেলাপি ঋণের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। 

মঙ্গলবার আদালতের এই আদেশের তথ্য সামনে এসেছে। 

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ঋণ নেওয়া ১৫০ কোটি টাকা পরিশোধ না করায় তা বেড়ে সুদে আসলে ২৬০ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে।

"ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।"

ব্যাংকের আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে যে বন্ধকী সম্পত্তি রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে।

গেল বছর ২০ অগাস্ট প্রায় আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী। যাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার করা হয়েছিল।

ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি প্রকাশিত হলে তুমুল আলোচনার মধ্যে ২০১৬ সালের ১৫ মে ঢাকার ক্ষিলখেত থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলামকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময় দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৬৮টি মামলা হয়। 

আরও খবর-

মুক্তি পেলেন আসলাম চৌধুরী, কারাফটকে নেতাকর্মীর ঢল

সম্পদের হিসাব: বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ জন

সম্পদের হিসাব: বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

সম্পদের হিসাব না দেওয়ায় আসলাম চৌধুরীর বিচার শুরু