চট্টগ্রামে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
গ্রেপ্তার তিনজনের মধ্যে দুই যুবক উখিয়ার রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামে এসে দুই রোহিঙ্গাসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
বাঁশখালী উপজেলার প্রেম বাজারে সোমবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন, মো. আরাফাত (১৯), আরাফাত হোসেন (২০) ও মো. ইউসুফ (৩৯)। তাদের মধ্যে দুই আরাফাত উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের এক ও ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা। ইউসুফ টেকনাফের নাজির পাড়া এলাকার বাসিন্দা।
ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরে মগানামা-চট্টগ্রাম রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
“ইয়াবাগুলো টেকনাফ থেকে আনা হয়েছিল। তারা লোহাগড়া এলাকায় পুলিশ চেকপোস্ট এড়াতে চকরিয়ায় অভ্যন্তরীণ সড়ক দিয়ে মগানামা আসেন। সেখান থেকে বাসে করে ইয়াবাগুলো চট্টগ্রাম নেওয়া হচ্ছিল।”
