২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, রেকর্ড ১৬১ রোগী শনাক্ত

অগাস্ট মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 08:37 PM

Updated : 01 Nov 2023, 07:44 PM

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে পুলিশ সদস্যসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে; চলতি বছর এ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬১ জন, যা এ বছরের সর্বোচ্চ।

সর্বশেষ যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে এমদাদুল হোসেন (৩১) নগর পুলিশের ট্রাফিক বিভাগে (উত্তর) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।  

এমদাদুলের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারিটোলা এলাকায়। পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর বিআরটিসি নতুন পাড়া এলাকায় থাকতেন তিনি।

তৃষ্ণা রানী রায় (৩৭) নামের অন্যজনও সোমবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি অগাস্ট মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর মারা গেছেন মোট ৪৮ জন, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ৪১ জনের মৃত্যু হয়েছিল চট্টগ্রাম জেলায়। এরমধ্যে নভেম্বরে এক মাসে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছর ডেঙ্গুতে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৮ জন শিশু, ১৮ জন নারী এবং ১২ জন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬১ জনকে নিয়ে চলতি অগাস্ট মাসের ২১ দিনে মোট ২০৯১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। আর এ বছর জেলায় হাসপাতালে ভর্তি হলেন মোট ৪৮৬৭ জন ডেঙ্গু রোগী।

এর মধ্যে মাসের হিসেবে সবচেয়ে বেশি ২৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন গত জুলাই মাসে।

মঙ্গলবারও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৮৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।