২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ৬০ শিক্ষার্থী পুরস্কৃত

তিন প্রতিযোগিত নির্বাচিত হন এসব শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 07:37 PM

Updated : 30 Dec 2022, 10:33 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যতিক্রমী আয়োজনে ৬০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। 

লোহাগাড়া উপজেলার ইউএনও শরীফ উল্যাহর উদ্যোগে আয়োজিত 'ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী অ্যাওয়ার্ড-২০২২ প্রতিযোগিতা', 'মভ টেস্ট' এবং 'ইউসেট' মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার এ পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন বলেন, “শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করাটা অত্যন্ত জরুরি। এই উদ্যোগ সত্যিই অসাধারণ।আগামীতে এর সুফল আপনারাই পাবেন। তাই আপনাদের উচিত সকলে মিলে এই কাজগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করা। তবেই সত্যিকার ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।” 

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, “আমাদের আগামীর প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে একাজগুলো অত্যন্ত জরুরি। মহামারীর কারণে শিক্ষাখাতের যে ক্ষতি হয়েছে, এসব উদ্যোগে দ্রুতই তার উন্নতি হবে বলে আশা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাই।” 

ইউএনও শরীফ উল্যাহ বলেন, “আজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রিয় শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে এ পর্যায়ে আসতে পেরেছে। আশা করি ভবিষ্যতে তারা অনেক ভালো করতে পারবে।  

“তারা সাফল্য অর্জন করলেই আমি অনেক বেশি তৃপ্তি পাব। আমার এই পরিশ্রম সার্থক হয়েছে বলে বলতে পারব।” 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিন প্রতিযোগিতায় মোট ৬০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।