আচরণবিধি লঙ্ঘন: বিএনপি সমর্থিত প্রার্থীকে জরিমানা
বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমীনকে এ জরিমানা করা হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামে বিএনপি সমর্থিত এক প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুল মোস্তফা আমীনকে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আমিরাবাদ এলাকায় মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা করার অপরাধে নাজমুল মোস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকাও নেওয়া হয়।
আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে শুক্রবার থেকে প্রত্যেকটি নির্বাচনি আসনে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে।
চট্টগ্রামের ১৬টি আসনে এ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।
গত বৃহস্পতিবার নির্বাচনি তফসিল ঘোষণার পর এই প্রথম কোনো আসনে জরিমানা করার খবর এলো।
