চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান, আরোহী মারা যান হাসপাতালে।
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজনের প্রাণ গেছে।
সোমবার সকালে উপজেলার শাকপুরা রায়খালী খাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার এসআই নূর মোহাম্মদ জানান।
নিহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩০) এবং যাত্রী মিজানুর রহমান (৩২) দুজনই চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, মিজানুর একজন মাছ ব্যবসায়ী। তিনি শহর থেকে মাছ নিয়ে বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলায় যাচ্ছিলেন।
“রায়খালী খাল ব্রিজে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটো চালক দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন মিজানুরকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
