২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে তিন মেয়ে হারানো দম্পতির পাশে উপমন্ত্রী নওফেল

পরিদর্শনের সময় পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা বলেছেন শিক্ষা উপমন্ত্রী।

আগুনে তিন মেয়ে হারানো দম্পতির পাশে উপমন্ত্রী নওফেল

পাথরঘাটা বান্ডেল রোড সেবক কলোনিতে গিয়ে তিন মেয়ে হারানো আরতি-মিঠুন দম্পতিকে সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 07:02 PM

Updated : 22 Jul 2023, 07:02 PM

আগুনে তিন মেয়ে হারানো চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আরতি দাস ও মিঠুন দাসের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার দুপুরের দিকে নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে যান চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নওফেল।

এ সময় আরতি দাস ও বাবা মিঠুন দাসের বাসায় গিয়ে তাদের আর্থিকভাবে সহযোগিতা করার কথাও বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, "আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। আমিও একজন পিতা। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোনো পিতা-মাতার পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করি।"

অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক দগ্ধ তিন বোনের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন নওফেল।

এর আগে গত ১৬ জুলাই আরতি-মিঠুন দম্পতির সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

গত ২০ জুন সকালে মিঠুন-আরতি দম্পতি কাজে গিয়েছিলেন। তখন রান্নার চুলার গ্যাসের আগুনে দগ্ধ হয় তাদের চার মেয়ে।

পরে ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিঠুন-আরতি দম্পতির মেজ মেয়ে সাকসী দাস (১১)।

এর এক সপ্তাহ পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরেক মেয়ে সারথী দাস মারা যায়। সবশেষ ১২ জুলাই এই ইনস্টিটিউটেই মারা যায় ছয় বছর বয়সী হ্যাপি দাস।

এদিন বান্ডেল কলোনিতে গেলে এর বাসিন্দারা উপমন্ত্রীকে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান;  তিনি সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পুরনো খবর:

আগুনে হারিয়ে গেল তিন বোন
আগুনে তিন মেয়ে হারানো দম্পতিকে সান্ত্বনা মেয়র রেজাউলের