আগুনে তিন মেয়ে হারানো দম্পতিকে সান্ত্বনা মেয়র রেজাউলের
তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
আগুনে তিন মেয়ে হারানো চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আরতি দাস ও মিঠুন দাসকে সমবেদনা জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
রোববার দুপুরে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে যান সিটি মেয়র রেজাউল।
এ সময় আরতি-মিঠুন দম্পতিকে সান্ত্বনা জানিয়ে মেয়র রেজাউল বলেন, "আপনারা তিন সন্তানকে হারিয়েছেন। এ ক্ষতি পূরণ হবার নয়। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেয়া সম্ভব না।
"এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা আপনাদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দিক।"
নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে থাকেন পরিচ্ছন্নতা কর্মী মিঠুন দাস ও আরতি দাস।
গত ২০ জুন সকালে তারা দু'জন কাজে গিয়েছিলেন। তখন রান্নার চুলার গ্যাসের আগুনে দগ্ধ হয় এ দম্পতির চার মেয়ে।
গত ২৪ জুন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিঠুন-আরতি দম্পতির মেজ মেয়ে সাকসী দাস (১১)।
৩০ জুন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সারথী (১৫) মারা যায়। সর্বশেষ গত বুধবার ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে মারা যান তৃতীয় মেয়ে ছয় বছর বয়সী হ্যাপি দাস।
নগর সংস্থার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই পরিবারটির খোঁজ-খবর নিয়েছিলেন মেয়র। রোববার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে যান তিনি। এসময় মেয়র ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা অনুদান দেন।
রোববার বান্ডেল কলোনিতে গেলে সেবক কলোনির বাসিন্দারা সেবকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে জানান। এ সময় মেয়র রেজাউর তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের জন্য মৌখিক নির্দেশনা দেন।
সেবকদের জন্য বান্ডেল কলোনিতে নির্মাণাধীন তিনটি বহুতল ভবনের কাজ পরিদর্শন করে মেয়র রেজাউর বলেন, "সেবকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে এই প্রকল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে যে সেবকরা দিন-রাত শ্রম দেন তাদের জীবনকে সুন্দর করতে আমি সচেষ্ট আছি।
"পুরো সেবক কলোনিতে কোন ঝুঁকিপূর্ণ অবৈধ বিদ্যুৎ বা গ্যাসের সংযোগ আছে কি না তা পরীক্ষা করে অপসারণ করা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী ও পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, প্রাবন্ধিক ড. মাসুম চৌধুরী ও সহকারী প্রকৌশলী আবদুল্লাহ মো. হাশেম।
