২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকারের কথা বিদেশিরাও বলেনি: তথ্যমন্ত্রী

“এজন্য তারা প্রচণ্ড হতাশ হয়ে গেছে।”

নির্দলীয় সরকারের কথা বিদেশিরাও বলেনি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 09:38 PM

Updated : 18 Jul 2023, 09:38 PM

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শোর তুললেও তাতে বিদেশি কারও সাড়া পায়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আলোচনা তুলে ধরে বলেন, “তথ্যমন্ত্রী হিসেবে আমার সাথে ব্যক্তিগতভাবেও বৈঠক হয়েছে। তারা স্পষ্টত বলেছে যে, আমরা বাংলাদেশের সংবিধান ও আইন কানুন মেনেই এখানে যাতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, সেটিই আমরা চাই।

“বিএনপির আশা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলবে। কিন্তু এ নিয়ে তারা টু শব্দটি করে নাই। এজন্য তারা প্রচণ্ড হতাশ হয়ে গেছে।”

বিএনপির দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দেশ চলবে আমাদের সংবিধান ও আমাদের আইন অনুযায়ী। কারও প্রেসক্রিপশনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ চলবে না, এটা বঙ্গবন্ধুর কন্যা, যার ধমনীতে-শিরায় বঙ্গবন্ধুর রক্ত স্রোত প্রবাহমান।”

বিএনপি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে প্রথমে উল্লাসিত হলেও এখন চুপসে গেছে বলে মন্তব্য করেন তিনি।

“মার্কিন ভিসানীতি ঘোষণার পর বিএনপি অনেক উদ্বেলিত হয়েছিল। এখন দেখি বিএনপি ভালো হয়ে গেছে, তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তারা পুলিশের উপর আগের মতো হামলা পরিচালনা করার সাহস পাচ্ছে না।”

নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে কেন্দ্র ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন হাছান মাহমুদ।

বিএনপি দেশের পরিস্থিতি ঘোলাটে করে তুলতে চায় দাবি করে তিনি বলেন, “আজকেও তারা বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা।”

দলের নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি চেষ্টা করবে গণ্ডগোল লাগাতে, সেই সুযোগ আমরা তাদেরকে দেব না। তবে কেউ রক্তচক্ষু দেখালে আওয়ামী লীগ জানে কী করতে হবে।

“বিএনপির মির্জা ফখরুল সাহেব কয়দিন পরপর চট্টগ্রামে আসছেন, এখানে এসে লাভ নাই। যদি বাড়াবাড়ি করেন, আপনাদের আন্দোলন বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে।”

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের উপর হামলার প্রসঙ্গ ধরে তথ্যমন্ত্রী বলেন, “সরকার ও নির্বাচন কমিশনের উপর কালিমা লেপনের উদ্দেশ্যে একজন প্রার্থী হিরো আলমের উপর হামলা করা হয়েছে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেটি নিয়েও অনেকের কত মাতামাতি। যারা করেছে তারা দুষ্কৃতিকারী। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এটি করেছে। এটির আমরা নিন্দা জানাই।”

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, ইফতেখার সাইমুল চৌধুরী,চট্টগ্রাম -১০ আসনে সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।