Published : 25 Jan 2026, 03:50 PM
চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশ ঘিরে মিছিলের ভিডিও ধারণ করা সময় সড়কে পড়ে গিয়ে এক কিশোর মারা গেছে।
রোববার নগরীর স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ ঘটনায় ১৪ বছর বয়সী সাইদুল ইসলাম চিশতীর মৃত্যু হয়। তার বাসা নগরীর এনায়েত বাজার ডায়বেটিক হসপিটাল সংলগ্ন এলাকায়; তার বাবার নাম নজরুল ইসলাম বাবু।
এছাড়া পোলোগ্রাউন্ড মাঠে সমাবেশস্থলে ভিড়ের চাপে আরও দুইজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
এদের মধ্যে ২৫ বছর বয়েসী রাকিব নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় মেলেনি।
আর যে মিছিলের ভিডিও করার সময় মৃত্যুর ঘটনা ঘটে সেটির নেতৃত্বে থাকা কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব ও চিশতীর প্রতিবেশী আবু সুলতান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের অনুষ্ঠান থাকায় কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেইটে ছিলাম।
"সেখান থেকে মিছিল নিয়ে পোলোগ্রাউন্ড মাঠে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এ সময় চিশতী আমাদের মিছিলের ভিডিও করছিলেন। হঠাৎ পেছন দিকে ঘুরে পড়ে যায় সে।"
এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানাকর চিকিৎসক পরীক্ষা করে চিশতীকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সানি।
অপরদিকে সমাবেশে ভিড়ের চাপে আহতদের মধ্যে আনুমানিক ২৫ বছর বয়সি রাকিব ও ৪৫ বছর বয়সি দুইজনকে হাসাপতালে নিয়ে আসার তথ্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক।
তিনি বলেন, “তাদেরকে হাসপাতালে আনা লোকজনের ভাষ্য, পলোগ্রাউন্ড মাঠে ভিড়ে চাপা পড়ে তারা দুইজন অসুস্থ হয়ে পড়েন।”
আহত দুইজনকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানান এসআই আশেক।