২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

“পরিচয়ের সূত্র ধরে একদিন একটি রেস্টুরেন্টে যান তারা। সেখানে খাওয়া দাওয়ার সময় দুটি ছবি তোলেন সেই যুবক।”

নারীর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 03:12 PM

Updated : 18 Jul 2023, 03:30 PM

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ছবি তুলে তা স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর মাইজপাড়া থেকে সোমবার গ্রেপ্তার করা হয় তাকে। তিনি মাইজপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশী সেই নারীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্কের সৃষ্টি হয়। একদিন একটি রেস্টুরেন্টে যান তারা। সেখানে খাওয়া দাওয়ার সময় দুটি ছবি তুলে নেন সেই যুবক।

“পরে সেই ছবি স্বামী ও স্বজনদের কাছে পাঠানোর কথা বলে ওই নারীকে তার সঙ্গে দেখা করার জন্য মানসিক চাপ সৃষ্টি করে। বাধ্য হয়ে ওই নারী গত রোববার তার সঙ্গে দেখা করেন। তখন তাকে একটি হোটেলে নিয়ে কিছু ছবি তোলে।”

ওসি সঞ্জয় সিনহা জানান, “শারিরীক সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করায় ওই নারী হোটেল থেকে বের হয়ে আসেন এবং বন্দর থানায় অভিযোগ জানান।”

এরপর সোমবার রাতে সেই যুবককে মাইজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।