২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রামের ভেতর লাশ: সেই তরুণীকে ‘খুন করেন স্বামী’

গত ১৩ অক্টোবর রাতে নগরীর পতেঙ্গায় রাস্তার পাশে নির্জন স্থানে নীল রঙের একটি ড্রামে পাওয়া যায় ওই তরুণীর লাশ।

ড্রামের ভেতর লাশ: সেই তরুণীকে ‘খুন করেন স্বামী’

পুলিশের হাতে গ্রেপ্তার চারজন, সোহানের পরনে আকাশী-হলুদ শার্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 08:24 PM

Updated : 21 Oct 2022, 08:24 PM

এক সপ্তাহ আগে চট্টগ্রামে সড়কের পাশে ড্রামের ভেতর যে তরুণীর লাশ পাওয়া গিয়েছিল, তার স্বামী তাকে ‘খুন’ করে সেখানে ফেলে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) অতনু চক্রবর্তী জানান, আতিয়া আক্তার নামের ১৮ বছর বয়সী ওই তরুণীর স্বামী সোহানুর রহমান সোহানকে বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছেন তারা।

পাশাপাশি লাশ গুমে সহায়তা করায় মো. রুবেল ওরফে ফেন্সী (৩৫), মো. আশিক (১৯) এবং অটোরিকশ চালক মো. লিটনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ অক্টোবর রাতে নগরীর পতেঙ্গা থানার কাঠগড় শ্যামা সংঘ মন্দিরের কাছে রাস্তার পাশে নির্জন স্থানে নীল রঙের একটি ড্রাম পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রামের ভেতর এক তরুণীর লাশ পায়।

অতনু চক্রবর্তী জানান, লাশে পচন ধরায় ওই তরুণীকে চেনার উপায় ছিল না। সে কারণে পুলিশ পতেঙ্গা এলাকার বিভিন্ন ধরনের ২২টি কারখানায় অনুপস্থিত শ্রমিকদের তথ্যে সংগ্রহ শুরু করে। সেখান থেকে পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়, যাদের কাজে অনুপস্থিতির বিষয়টি ‘অস্বাভাবিক’ ছিল।

পাঁচ জনের মধ্যে সোহানকে শনাক্ত করে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে তারা বাসায় যায় পুলিশ। বাসা তালাবন্ধ থাকায় তার বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া শুরু হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তাজমহল রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ড্রামে যার লাশ পাওয়া গেছে, তিনি সোহানের স্ত্রী আতিয়া আক্তার। তাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। পতেঙ্গার এসএপিএল পার্কিং ডিপোর পশ্চিম পাশের এক বাসায় ভাড়া থাকতেন তারা।

পতেঙ্গা থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, “জিজ্ঞাসাবাদে সোহান জানিয়েছেন, আতিয়া তার চতুর্থ স্ত্রী ও সম্পর্কে মামাত বোন। মাস দুয়েক আগে সে আতিয়াকে বিয়ে করে। তার আগে এ বছরের জানুয়ারি মাসেও একটি বিয়ে করেছিল।”

অন্য নারীর সাথে প্রেমের সন্দেহে সোহান ও আতিয়ার মধ্যে কলহ সৃষ্টি হয়েছিল জানিয়ে ওসি বলেন, “কলহের জের ধরে গত ১১ অক্টোবর গভীর রাতে সোহান তার স্ত্রী আতিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

“পরদিন সকালে তার পরিচিত রুবেল ও আশিককে ডেকে বাসায় নেন সোহান, তাদের মাধ্যমে ড্রাম সংগ্রহ করেন। ড্রামে ভরে লাশটি তারা সোহানের কর্মস্থলে নিয়ে যায়।”

ওসি জানান, ড্রামটি কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখার সময় সোহান প্রহরীকে বলেছিলেন, সেখানে তার বাসার মালামাল আছে, বগুড়ায় তার বাড়িতে পাঠাবেন। ড্রামে লাশ রেখে ওই দিন ও পরদিন (১২ ও ১৩ অক্টোবর) তিনি ইয়ার্ডে কাজও করেন। 

“১৩ অক্টোবর সন্ধ্যায় সোহান তার সহযোগী রুবেলের মাধ্যমে তিন হাজার টাকায় অটোরিকশা ভাড়া করেন। ইয়ার্ড থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে স্টিল মিল-কাঠগড় সড়কের শ্যামাসংঘ কালী মন্দিরের অদূরে একটি নির্জন স্থানে ড্রামটি রেখে আসেন তারা।”

ওসি নাজমুন জানান, ড্রামটি সেখানে রেখে সোহান আবার তার কর্মস্থলে যান এবং সেখানে তার নানীর মৃত্যুর কথা বলে ছুটি নিয়ে বেরিয়ে যান। আর তার শ্বাশুড়িকে ফোন করে বলেন, আতিয়া বাসা থেকে বের হয়ে পালিয়ে গেছে। আলামত গোপনের জন্য আতিয়ার মোবাইল ফোনটি সাগরে ফেলে দেন।