Published : 11 Sep 2025, 12:20 AM
চট্টগ্রামে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্র ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার মিরসরাইয়ের মায়ানি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. সাহেদ (২৪) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঘটনার পর তার বাবা নুরুজ্জামান (৫৭) দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়েছেন।
নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়ে গত মে মাসে দেশে ফেরেন।
পরিবাবারের সদস্যদের বরাতে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুজ্জামানের স্ত্রী-সন্তানেরা চট্টগ্রাম নগরীতে থাকেন। সম্প্রতি তিনি সিলেটের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার বিরোধ শুরু হয়।
“মঙ্গলবার নুরুজ্জামান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মিরসরাইয়ের বাড়িতে উঠেন। খবর পেয়ে তার স্ত্রী-সন্তানেরা বাড়িতে যান। তখন তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামান ছেলে সাহেদের বুকে ছুরিকাঘাত করেন।”
প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুজ্জামানের পাসপোর্ট জব্দের তথ্য দিয়ে ওসি বলেন, তাকে ধরতে পুলিশ কাজ করছে।