‘নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না’
আমীর খসরু মাহমুদ বলেন, “ইভিএম হল না ব্যালটে হল, এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।”
ইভিএম বা ব্যালট নয়, নিরপেক্ষ সরাকারের অধীন ছাড়া কোন নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি আমীর খসরু বলেন, “বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না। ইভিএম হল না ব্যালটে হল এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।”
তিনি বলেন, “সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক সংবাদ পরিবেশন করা। আর সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে।
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “তারা (আওয়ামী লীগ) আবার একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু এ দেশের জনগণ তাদের এই সুযোগ দেবে না।”
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার নিন্দা জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা থেকে বিদায় নেবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় সদস্য তারিকুল আলম তেনজিন, উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
