২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা থেকে ট্রাকের মাথায় নৌকা চাপিয়ে আনোয়ারায় যুবলীগ নেতা

"সরকারের সাফল্য তুলে ধরতে এইভাবে প্রচার চালাচ্ছি। পতেঙ্গা, আনোয়ারাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানোর পর রাতে নৌকায় ঘুমিয়েছি" বলেন কবীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 12:34 PM

Updated : 28 Oct 2023, 01:43 PM

মিনি ট্রাকের মাথায় লোহার স্ট্যান্ডের উপরে বড় আকৃতির একটি নৌকা বসিয়ে সেই ট্রাক নিয়ে বরগুনা থেকে চট্টগ্রামে এসেছেন হুমায়ুন কবীর।

শনিবার আনোয়ারার কোরিয়ান ইপিজেডের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের বাইরে সেই নৌকায় বৈঠা হাতে বসে থাকা কবীর বললেন, এই নগরীতে গত তিন দিন ধরে বঙ্গবন্ধু টানেল নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি, রাতেও ঘুমাচ্ছেন নৌকাতে।

বরগুনা সদর উপজেলার বাসিন্দা হুমায়ুন জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন, পেশায় তিনি পরিবহন ব্যবসায়ী।

শনিবার সমাবেশে আসা বিভিন্ন বয়সী লোকজন কবীরের সঙ্গে সেলফি তুলছিলেন। আর ছবি তোলার ফাঁকে তাদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে আসেন তিনি। শহরে আসার পর বিভিন্ন স্থানে জনসভা ও টানেল উদ্বোধনের প্রচারণা চালাচ্ছেন।

"সরকারের সাফল্য তুলে ধরতে এইভাবে প্রচার চালাচ্ছি। পতেঙ্গা, আনোয়ারাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানোর পর রাতে নৌকায় ঘুমিয়েছি। রোববার আনোয়ারা প্রান্ত থেকে টানেলে দেখে ফিরে যাব বরগুনা,” বলেন কবীর।

হুমায়ুন জানান, পারিবারিকভাবেই আওয়ামী লীগের সমর্থক তিনি। কৈশোর থেকে দক্ষিণবঙ্গের দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। পদ্মা সেতু উদ্বোধনের দিনও একইভাবে তিনি বরগুনা থেকে সেতুতে গিয়েছিলেন। তবে চট্টগ্রামে তার প্রথমবার আসা।

চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনের আতিথেয়তার প্রশংসা করেন কবীর।

ওই ট্রাকের চালক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবীরসহ তারা তিন জন বরগুনা থেকে চট্টগ্রামে এসেছেন।

আসার পথে তারা মাইক বাজিয়ে প্রচার চালিয়েছেন। দিনে হোটেলে খাওয়া দাওয়া সেরে রাতে তারা নৌকায় ঘুমিয়েছেন।

শনিবার সকালে পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে টানেল হয়ে যান আনোয়ারা প্রান্তে। কোরিয়ান ইপিজেডের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।

এর মধ্য দিয়ে সাড়ে পাঁচ বছর বাদে দক্ষিণ চট্টগ্রামের কোনো জনসভায় অংশ নিতে যাচ্ছেন শেখ হাসিনা।

তার আগমন উপলক্ষে সকাল ৯টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ, বক্তব্য রাখছেন উপজেলা পর্যায়ের নেতারা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পড়ে সমাবেশে যোগ দিয়েছেন।