২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীর ভুয়া পরিচয়ে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তি মোটরসাইকেল ও বৈদ্যুতিক মেকানিক হলেও নিজেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 08:06 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

প্রকৌশলীর ভুয়া পরিচয়ে অনলাইনে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরসরাই উপজেলা থেকে বুধবার রাতে গ্রেপ্তার এ ব্যক্তি মোটরসাইকেল ও বৈদ্যুতিক মেকানিক হলেও পরিচয় দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী হিসেবে।

গ্রেপ্তার ব্যক্তি নিজেকে আসলাম চৌধুরী পরিচয় দিলেও তার নাম শিবলী সাদিক নাঈম (৪১)।

নগরীর পতেঙ্গা থানায় নারী নির্যাতন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই আশীষ কান্তি দে। 

তিনি বলেন, মামলায় প্রতারণা করে ওই তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে শারিরীক সম্পর্ক স্থাপন করায় ধষর্ণের অভিযোগ আনা হয়েছে।

এসআই আশীষ বলেন, নিজেকে পল্লী বিদ্যুৎ সমিতির বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কয়েক মাস আগে অনলাইনে 'পাত্রী চাই' বিজ্ঞাপন দিয়েছিলেন শিবলী সাদিক ওরফে আসলাম।

সেই বিজ্ঞাপন দেখে তার সঙ্গে এক তরুণীর পরিবার যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করেছিল।

এই তদন্ত কর্মকর্তা বলেন, ওই তরুণীর বাবা-মা দুইজনই বাক প্রতিবন্ধী। তরুণীটিও একটু 'হাবাগোবা'। তিনি এ তরুণীকে বিয়ের আশ্বাস দেওয়ায় তাদের মধ্যে সখ্যতা হয়েছিল।

"গত ১৪ মে আসলাম ওই তরুণীকে পতেঙ্গা এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে শারিরীক সম্পর্ক করে। পরে ওই তরুণীকে মোটরসাইকেলে করে ফৌজদারহাট আউটার রিং রোডে নিয়ে যায়। সেখানে কৌশলে তরুণীর দুইটি মোবাইল ফোন নিয়ে তাকে ফেলে চলে যায়।"

এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় ১৬ মে ওই তরুণী পতেঙ্গা থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার মগধরা ইউনিয়ন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মিরসরাইয়ে একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে আসলামের। এর পাশাপাশি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বৈদ্যুতিক মিস্ত্রী হিসেবেও কাজ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে।