Published : 13 Jun 2023, 10:47 PM
সম্মেলনের এক বছর বাদে আগের কমিটির দুই যুগ্ম আহ্বায়ককে সভাপতি ও সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতির পদ পেয়েছেন মাহবুবুল হক সুমন, আর সাধারণ সম্পাদক হয়েছেন দিদারুল আলম।
মঙ্গলবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর শাখার ১৩১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ২০২২ সালের ৩০ মে থেকে পরবর্তী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
শূন্য পদগুলো কেন্দ্রের অনুমোদনের জন্য আগামী ৬০ দিনের মধ্যে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
কমিটির ১১ সহ-সভাপতি হলেন- নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আরশাদ আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহম্মদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়ুয়া লাবু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহজাদা মো. সাখাওয়াত হোসেন সাকু ও মো. নুরুল আলম মিয়া।
১৩টি সহ-সভাপতি পদের মধ্যে দুটি খালি রাখা হয়েছে।
কমিটির চার যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন- দিদারুল আলম দিদার, সালাউদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী ও সাইফুদ্দিন আহদেদ। যুগ্ম সম্পাদকের একটি পদ খালি।
৭ সাংগঠনিক সম্পাদক হলেন- সনত বড়ুয়া, দিদার-উর-রহমান, গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ জে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী ও মনোয়ারুল আলম চৌধুরী নোবেল।
এছাড়া সম্পাদকীয় পদের মধ্যে গ্রন্থনা সম্পাদক হয়েছেন সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, আইন সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান রুমেল, সমাজকল্যাণ সম্পাদক কে এম শহিদুল কাওসার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, জনশক্তি সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আলমগীর টিপুকে।
এছাড়া উপ-সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় এবং সদস্য পদে কয়েকটি নাম ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলো খালি রাখা হয়েছে।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহবুবুল হক সুমনকে সভাপতি ও দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে কমিটির ৪০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির বাকি পদগুলো পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে তারা কেন্দ্রে পাঠাবেন।”
রিলেটেড লিংক-
চট্টগ্রাম যুবলীগের সম্মেলন ঘিরে তোড়জোড়
চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের কমিটি, শুরুতেই দুই সহ-সভাপতির পদত্যাগ
চট্টগ্রাম উত্তর যুবলীগের আংশিক কমিটি, শুরুতেই দুই সহ-সভাপতির পদত্যাগ