১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রদ্ধায় স্বপন সেনকে স্মরণ

“রাজনীতি ছাড়াও শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তার গভীর আগ্রহ ছিল। মুক্তিযুদ্ধ ও দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের অনেক খুঁটিনাটি বিষয় ছিল ওনার নখদর্পনে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 12:15 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু গণমানুষের মুক্তির লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়া প্রয়াত বামপন্থি নেতা স্বপন সেনকে শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্খীরা। 

মঙ্গলবার রাতে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক শোকসভায় বক্তারা তার আজীবন সংগ্রামের কথা তুলে ধরেন।

গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম জেলার সহ-সভাপতি স্বপন সেনের স্মরণে ‘স্বপন সেন নাগরিক শোকসভা কমিটি’ এ আয়োজন করে। 

আলোচনা পর্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা বলেন, স্বপন সেন ছিলেন শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার এক নির্ভিক কর্মী। বামপন্থি এই রাজনীতিক কোনো পদ-পদবীর আকাঙ্খা না করে আমৃত্যু গণমানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করে গেছেন।

“লেখাপড়া শেষ করে স্থায়ী কোনো চাকরি করেননি। চিরকুমার স্বপন সেন একটি সম্ভ্রান্ত ও সম্পন্ন পরিবারে জন্ম নিলেও আড়ম্বরহীন জীবনযাপন করেছেন।”

নাগরিক শোক সভা কমিটির আহ্বায়ক ও সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, “রাজনীতি ছাড়াও শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তার গভীর আগ্রহ ছিল। মুক্তিযুদ্ধ ও দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের অনেক খুঁটিনাটি বিষয় ছিল ওনার নখদর্পনে। 

“আজকের স্মরণসভার মধ্য দিয়ে আমরা এমন ব্যক্তি সম্মান জানিয়ে মূলত নিজেদেরই সম্মানিত করেছি।”

গত ১০ অক্টোবর চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন সেন মারা যান। 

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত স্বপন সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

এরপর নাগরিক শোকসভা কমিটির পক্ষ থেকে স্বপন সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

কবি মনিরুল মুনিরের পরিচালনায় আলোচনায় অংশ নেন আবু তাহের মাসুদ, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাংবাদিক সুভাষ দে, অধ্যক্ষ রীতা দত্ত, কবি অভিক ওসমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব কামরুল হাসান বাদল এবং প্রধান সমন্বয়কারী মিটুল দাশগুপ্ত, রাজনৈতিক সংগঠক কালাম চৌধুরী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালেদ, প্রয়াত স্বপন সেনের ভাই সৌরীন্দ্রনাথ সেন, সমৃদ্ধি সেন, সিঞ্চন ভৌমিক, আমিনুল ইসলাম মুন্না ও নয়ন ধর। 

অনুষ্ঠানে রাজনীতিজন স্বপন সেনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি পরিচালনা করেন কমল দাশ। আবৃত্তি পরিবেশন করেন প্রণব চৌধুরী এবং শোক প্রস্তাব পাঠ করেন রাহুল দত্ত।

গণতন্ত্রী পার্টির স্বপন সেন মারা গেছেন