Published : 08 Mar 2026, 09:23 PM
চট্টগ্রাম নগরীতে রাতের বেলা সড়কে খালি গায়ে গড়াগড়ি করতে করতে আকুতি করা এক ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়েছে; যিনি পরে হাসপাতালে মারা গেছেন।
ওই ব্যক্তির নাম দিদারুল আলম (৪৫)। পাহাড়তলী এলাকার এই বাসিন্দা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অনেকের ভাষ্য।
এলাকায় আলোচনা তৈরি করা এ ঘটনার বিষয়ে স্থানীয়রা বলছেন, পুলিশ সেখানে অভিযানে গিয়েছিল। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে পুলিশকেও দেখা গেছে।
৩৫ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো প্যান্ট পরিহিত খালি গায়ে লোকটি সড়কে গড়াগড়ি করছিলেন। এসময় তাকে বলতে শোনা যায়, “মোবাইল দেন, ট্যায়া দেন… আপনার নাম কী? আমি জীবনে… করিনি স্যার, আমার দুইটা বাচ্চা স্যার…”
তবে অভিযানের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে দেখা যায়, ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি গত বৃহস্পতিবার গভীর রাতে খুলশী থানাধীন আমবাগান সংলগ্ন এলাকার।
অভিযানের বিষয়টি অস্বীকার করে খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, দিদারুলকে ধরতে কোনো অভিযান হয়নি। আমবাগান এলাকায় নিয়মিত চেকপোস্ট হয়। তিনি পুলিশ দেখে মাটিতে গড়াগড়ি শুরু করেছিলেন।
এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মারা যাওয়া দিদারুলের বিরুদ্ধে কয়েকটি মাদক ও একটি হত্যা মামলা থাকার কথা বলেন তিনি।
ওসি বলেন, “তিনি (দিদারুল) সেখানে ইয়াবা সেবন করতে না কি বিক্রি করতে গিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত তিনি সাথে থাকা ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলেছেন।”
তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিবারের সদস্যরাও গিয়েছিলেন। পরে মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর দিদারুলের মৃত্যু হয়, যোগ করেন ওসি।
তিনি বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।