রোহিত-ম্যাক্সওয়েলের রেকর্ড ছুঁয়ে কোহলির কাছাকাছি সুরিয়াকুমার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান, এবার ম্যান অব দা ম্যাচের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় তিনি।
সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান কে, এই প্রশ্নে এখন নিশ্চিতভাবেই শুরুর দিকে থাকে সুরিয়াকুমার ইয়াদাভের নাম। আইসিসি র্যাঙ্কিংয়ে তো তিনিই সেরা। তবে শুধু এই সময়েই নয়, রেকর্ড বইয়ে তিনি একের পর এক পাতায় জায়গা করে নিচ্ছেন সবসময়ের সেরাদের তালিকায়ও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড তো তিনি ছুঁয়েই ফেলেছেন। এখন সবচেয়ে বেশিবার ম্যান অব দা ম্যাচের রেকর্ডও স্পর্শ করার অপেক্ষায় এই ভারতীয় ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার সেঞ্চুরির রেকর্ডটিতে নিজের নাম লেখান সুরিয়াকুমার। তিন ওভারের মধ্যে ভারত দুই উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি ৭ চার ও ৮ ছক্কায়।
ভারতের হয়ে এই সংস্করণে তার চতুর্থ সেঞ্চুরি এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে তিনি নিজেকে তুলে আনলেন স্বদেশী রোহিত শার্মা ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পাশে।
সুরিয়াকুমারের চার সেঞ্চুরির তিনটিই দেশের বাইরে। বিদেশের মাঠে তিনটি শতরান আছে ম্যাক্সওয়েলেরও।
ভারপ্রাপ্ত অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে ১০৬ রানে ম্যাচ জিতে ভারত ড্র করতে পারে সিরিজ। ম্যাচ সেরার পুরস্কার ওঠে সুরিয়াকুমারের হাতেই।
এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ বার ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পেলেন সুরিয়াকুমার। পৌঁছে গেলেন তিনি রেকর্ড ছোঁয়ার খুব কাছে। ১৫ বার ম্যাচ সেরা হয়ে এই সংস্করণের রেকর্ড স্বদেশী ভিরাট কোহলির।
তবে সুরিয়াকুমার যে অবিশ্বাস্য গতিতে এগোচ্ছেন, সেটির প্রমাণ তার ম্যাচ সংখ্যাতেই। ১১৫ ম্যচ খেলে ১৫ বার সেরা হয়েছেন কোহলি। সুরিয়াকুমার ১৪ বার সেরা হয়ে গেলেন স্রেফ ৬০ ম্যাচ খেলেই!
১৪ বার করে সেরা হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মাদ নাবি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাও। তবে সেখানেও আসলে এগিয়ে সুরিয়াকুমার। নাবি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ১০৯টি, রাজা ৭৮টি।
কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না এক বছরের বেশি সময় ধরে। এই সংস্করণে তাকে আর দেখা যাবে কি না, সংশয় যথেষ্টই আছে। তার রেকর্ড ছোঁয়ার ত্রিমুখী লড়াই তাই চলবে সুরিয়াকুমার, নাবি ও রাজার।
১২ বার ম্যাচ সেরা হয়েছেন রোহিত শার্মা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১ বার সেরা হয়েছেন সাকিব আল হাসান। তার সমানসংখ্যকবার সেরার স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি, মোহাম্মাদ হাফিজ, মোহাম্মাদ রিজওয়ান, শাদাব খান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মালেয়েশিয়ার ভিরানদিপ সিং।
সেঞ্চুরি করা এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সুরিয়াকুমার। তবে ম্যাচসেরা পুরস্কার নিতে এসে জানান, চোট গুরুতর নয় তার।
