২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিচ রেটিংয়ের ক্ষেত্রে আইসিসির ‘ডাবল স্ট্যান্ডার্ডে’ ক্ষুব্ধ রোহিত

ম্যাচ রেফারিদের চোখ-কান খোলা রেখে পিচ রেটিং দেওয়ার অনুরোধ করেছেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 09:56 PM

Updated : 04 Jan 2024, 09:56 PM

আইসিসি ও ম্যাচ রেফারিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছেন রোহিত শার্মা। নিরপেক্ষ অবস্থানে থেকে পিচ রেটিং করা হয় না বলে দাবি তার। এক্ষেত্রে ম্যাচ রেফারিদের চোখ-কান খোলা রাখার অনুরোধ করেছেন ভারত অধিনায়ক। 

দেড় দিনেই শেষ হয়ে গেছে ভারত-দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্ট। ব্যাটিং দুরূহ উইকেটে চার ইনিংসে খেলা হয়েছে স্রেফ ৬৪২ বল। ইতিহাসে যা জায়গা করে নিয়েছে ফল হওয়া সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে। ম্যাচটি বৃহস্পতিবার ৭ উইকেটে জিতেছে ভারত। 

নিউল্যান্ডসের অসমান বাউন্স ও গতিময় উইকেটকে ব্যাটসম্যানদের জন্য ‘বধ্যভূমি’ বললে ভুল হবে না। এমন উইকেটে খেলতে অবশ্য আপত্তি নেই রোহিতের। তবে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি, বন্ধ করতে হবে ভারতের পিচ নিয়ে আলোচনা-সমালোচনা।

“আমি বলতে চাচ্ছি, এই ম্যাচে কী হয়েছে আমরা সবাই দেখেছি। পিচ কেমন আচরণ করেছে…সত্যি বলতে, এমন পিচে খেলতে আমার কোনো আপত্তি নেই, তবে যতক্ষণ সবাই ভারতে গেলে তাদের মুখ বন্ধ রাখবে এবং ভারতের পিচ নিয়ে খুব বেশি কথা বলবে না।” 

“কারণ আপনি এখানে (টেস্ট ক্রিকেটে) নিজেকে চ্যালেঞ্জ জানাতে এসেছেন। হ্যাঁ, এটা ভয়ঙ্কর। এটা চ্যালেঞ্জিং। সুতরাং, যখন অন্যরা ভারতে যায়, সেটাও বেশ চ্যালেঞ্জিং থাকে। দেখুন, টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আমরা কেবল টেস্ট ক্রিকেট, সর্বোচ্চ প্রাপ্তি, ক্রিকেটে এটাই চূড়া- এই জাতীয় বিষয়গুলি নিয়ে কথা বলি। আমার মনে হয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরও এই সংস্করণের পাশে দাঁড়ানো উচিত।” 

ভারত নিজেদের মাটিতে স্পিনিং উইকেট তৈরি করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছিল। আড়াই-তিন দিনের মধ্যে কয়েকটি টেস্ট ম্যাচ শেষ হওয়ায় দেশটির বেশ কয়েকটি টেস্টের পিচকে ‘বাজে’ আখ্যাও দিয়েছিল আইসিসি। আহমেদাবাদে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপেই যেমন ফাইনালের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দেওয়া হয়, যা কোনোভাবেই মানতে পারছেন না রোহিত।

“আমার মনে হয়, সবখানেই কেন নিরপেক্ষ থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিদের। ম্যাচ রেফারিদের পিচ রেটিং করার সময় চোখ-কান খোলা রাখা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ।” 

“আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বিশ্বকাপ ফাইনালের পিচকে গড়পড়তার নিচে (আসলে গড়পড়তা) রেটিং দেওয়া হয়েছে। ওই ফাইনালে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। ওই পিচ কীভাবে খারাপ হতে পারে? তাই, এই জিনিসগুলো আইসিসি ও ম্যাচ রেফারিদের দেখা উচিত এবং তারা যেটা দেখছেন সেটার ওপর নির্ভর করেই পিচগুলোকে রেটিং দেওয়া উচিত, দেশ বিবেচনায় নিয়ে নয়। আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ।”