আইপিএলের ১৪ কোটিতে পরিবার রাঙিয়ে তুলবেন মিচেল
আইপিএলে বড় অঙ্কের পারিশ্রমিকে দল পেয়ে যেন বিশ্বাসই করতে পারছেন না নিউ জিল্যান্ডের এই ক্রিকেটার, এই টাকা খরচ করবেন তিনি পরিবার পোক্ত করতে ও সন্তানদের আনন্দ আয়োজনে।
আইপিএলের নিলামের দিন ছিল ড্যারিল মিচেলের বড় কন্যা এডির পঞ্চম জন্মদিন। টিভি পর্দায় যখন নিলাম দেখানো হচ্ছিল, মিচেল তখন ব্যস্ত ছিলেন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী মোড়ানোর কাজে। এক পর্যায়ে তার নাম যখন উঠল, সবার চোখ তখন নিবদ্ধ টিভি পর্দায়। তাকে নিয়ে তুমুল লড়াই হলো নিলামে। তরতরিয়ে বাড়তে থাকল টাকার অঙ্ক। শেষ পর্যন্ত থামল গিয়ে ১৪ কোটি রুপিতে!
প্রায় ১৭ লাখ মার্কি ডলার পারিশ্রমিকে নিউ জিল্যান্ডের এই ক্রিকেটাকে দলে নিল চেন্নাই সুপার কিংস। মিচেলের বাড়ির আবহ তখন আর বলার অপেক্ষা রাখে না। জন্মদিনের সেই উৎসব রঙিন হয়ে উঠল যেন আরও।
মিচেলের নিজের ঠিক বিশ্বাস হতে চাইছিল না। চিমটি কেটে দেখছিলেন, এটা স্বপ্ন কি না! একসময় আইপিএলের নিলামে নাম দিয়ে অবিক্রিত থাকার অভিজ্ঞতা তার আছে। পরে গত আইপিএলে প্রথমবার দল পান বটে। তবে পারিশ্রমিক ছিল মোট ৭৫ লাখ রুপি। ভিত্তিমূল্যেই তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেখান থেকে এবার এক লাফে ১৪ কোটি।
প্রাথমিক উচ্ছ্বাস শেষে একটু থিতু হওয়ার পর মিচেলের মনে পড়ে পরিবারের কথাই। এই টাকায় পরিবার আরও সাজিয়ে তুলবেন তিনি। নিউ জিল্যান্ডের হয়ে খেলছেন তিনি কয়েক বছর ধরে, দুর্দান্ত পারফর্ম করছেন তিন সংস্করণেই। কিন্তু নিউ জিল্যান্ডের ক্রিকেটে তো আয় খুব বেশি নয়। দেশের বাইরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন তিনি, দা হান্ড্রেড-এ খেলেছেন। সেখানেও টাকার অঙ্ক বড় কিছু নয়। কিন্তু আইপিএল চোখের পলকে বদলে দেয় অনেক ক্রিকেটারের জীবন। এবার যেমন মিচেল।
নিলামের পর দেশে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, আইপিএলের এই টাকা তার পরিবারের জন্য।
“আমার বড় মেয়ের পঞ্চম জন্মদিন আজ, তাকে বেশ ভালো উপহারই তাই দিতে পারলাম! সে অবশ্য এসবের কিছু বোঝে না। তবে পুরো ব্যাপারটি এরকমই, এই টাকা আমাদের পরিবারকে পোক্ত করতে নানা দিক থেকেই সহায়তা করবে। আমার দুই মেয়ে নিশ্চিন্তে বেড়ে উঠতে পারবে এবং তাদের পছন্দের জিনিসগুলো উপভোগ করতে পারবে। এটিই সবচেয়ে ভালো ব্যাপার। আমরা তো এত কিছু করছি এসবের জন্যই।”
নিলাম চলার সময় বাড়ির পরিবেশ ও সেই সময়ের রোমাঞ্চের কথাও শোনালেন মিচেল।
“এডির জন্মদিন ছিল। নিলাম চলার সময় উপহার সামগ্রী মোড়ানো ও এই ধরনের কাজ চলছিল। নিলামে তো বোঝা কঠিন, কখন কার নাম ওঠে। আমরা তাই নিজেদের ব্যস্ত রাখছিলাম ও পাশাপাশি নিলাম দেখছিলাম। নাম যখন উঠল, সবার চোখ পর্দায় আটকে গেল যে কী হয়। (টাকার অঙ্ক) যখন বেড়ে চলছিল, বুকের ভেতর তো দ্রিম দ্রিম করছিলই। আগে নিলামে অবিক্রিত থাকার অভিজ্ঞতা আছে। এবারের অভিজ্ঞতা তাই বিশেষ কিছু। চেন্নাই সুপার কিংসের অংশ হওয়াও রোমাঞ্চকর।”
“নিলাম শেষ হতেই চেন্নাইয়ের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়ে যায়। ম্যানেজার ও ফ্লেমের (চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং) সঙ্গে কথা হয় কিছু ব্যাপার ঠিকঠাক করে ফেলতে। সবকিছু খুব দ্রুত হতে থাকে। আমি তো এখনও নিজেকে চিমটি কেটে দেখছি যে, এই সুযোগটা পেয়ে কতটা সৌভাগ্যবান আমি এবং কয়েক মাস পরই সেখানে যেতে মুখিয়ে আছি।”
কোচ ও নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং ছাড়াও আরও পরিচিত মুখ চেন্নাইয়ে পাবেন মিচেল। জাতীয় দলের সতীর্থ ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার আগে থেকেই আছেন এই দলে। এবার তারা নিয়েছে তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও। এছাড়া ফিজিও টমি সিমসেকও নিউ জিল্যান্ডের।
সবার সঙ্গে একসঙ্গে আইপিএলে ঝাঁপিয়ে পড়তে যেন তর সইছে না মিচেলের।
“ফ্লেমের (ফ্লেমিং) কোচিংয়ে খেলতে খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ক্রিকেটার হিসেবে আমাদের দেশের গ্রেটদের একজন ছিল সে, এখন কোচ হিসেবেও। তার কাছ থেকে শিখতে পারা… অনেক সাফল্য তিনি পেয়েছেন, এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি আমি।”
“মিচের (স্যান্টনার) সঙ্গে আমি ১২ বছর বয়স থেকেই খেলে একসঙ্গে বেড়ে উঠেছি। ডেভ (কনওয়ে) ও রাচিনও আছে দলে। দারুণ মজা হবে। তাছাড়া ভারতীয় অনেক ক্রিকেটার তো আছেই। আইপিএলের দারুণ ব্যাপার হলো, বিশ্বমানের অনেক ক্রিকেটারের সঙ্গে মেশার সুযোগ থাকে। সবকিছুর অপেক্ষায় আছি।”
গত আইপিএলে রাজস্থানের হয়ে দুটি ম্যাচে খেলার সুযোগ মিলেছিল তার। একটিতে করেছিলেন ২৪ বলে ১৬, আরেকটিতে ২০ বলে ১৭। এবার পারিশ্রমিক যেমন বেশি, তার কাছে প্রত্যাশাও থাকবে অনেক বেশি। সেই চাপও সামলাতে হবে মিচেলকে।
