মুস্তাফিজ আবার খেলতে চান আইপিএলে, সঙ্গে আরও ৬ জন
গতবার দল পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি মুস্তাফিজুর রহমান। এবার সামনের আসরের জন্য বাঁহাতি এই পেসারসহ নাম জমা দিয়েছেন বাংলাদেশের সাতজন।
বছরের শুরুতে সৃষ্ট নানান জটিলতা ও নাটকীয়তার পর আবার ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য নিবন্ধন করলেন মুস্তাফিজুর রহমান। তার পাশাপাশি এরই মধ্যে নাম জমা দিলেন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার।
ভারতের গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর হবে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম। এখন চলছে আগ্রহী ক্রিকেটারদের নাম নিবন্ধন প্রক্রিয়া। যা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যা আরও বাড়তে পারে।
মুস্তাফিজ ছাড়াও এখন পর্যন্ত আইপিএলের নতুন আসরের মিনি নিলামে নাম দিয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তাওহিদ হৃদয়।
এদের বাইরে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তানজিম হাসান, শেখ মেহেদি, মেহেদী হাসান মিরাজ ও শহিদুল ইসলাম চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নিলামে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আইপিএলের নিলাম প্রক্রিয়ার অংশ অনুযায়ী, যেকোনো মিনি নিলামে নাম দেওয়ার জন্য আগে মেগা নিলামে নাম দিতে হবে। সবশেষ মেগা নিলামে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন ১৩ জন ক্রিকেটার। তারাই এবার মিনি নিলামে নাম জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
সেই সুযোগ কাজে লাগিয়ে এরই মধ্যে নাম জমা দিয়েছেন মুস্তাফিজ, নাহিদসহ পাঁচ পেসার, এক লেগ স্পিনার ও এক ব্যাটসম্যান।
আইপিএলের গত আসরেও দল পেয়েছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা।
পরে ক্রমেই ঘোলাটে হতে থাকে পরিস্থিতি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। যার ফলে অবনতি ঘটে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের।
সেই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসেনি ভারত। এর মাঝেই এবার আইপিএল নিলামে নাম দিলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। আগামী মাসের মিনি নিলামে জানা যাবে তাদের ভবিষ্যত।
মেগা নিলামের মতো পুরো স্কোয়াড ভেঙে নতুন করে গড়ার সুযোগ না থাকলেও দলগুলো তাদের ফাঁকা জায়গা পূরণের লক্ষ্য নিয়েই মিনি নিলামের টেবিলে বসবে। নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ এবং সর্বনিম্ন ১৮ জনের দল গঠন করতে পারবে, যেখানে সর্বোচ্চ বিদেশি রাখা যাবে আটজন।
আইপিএলের ২০২৭ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫৭ কোটি রুপি। ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলে জানা যাবে, নিলামের টেবিলে কোন দলের কাছের থাকবে কত অর্থ।
