অ্যান্ডারসনের চোখে ওয়ার্ন-ম্যাকগ্রা জুটিই সেরা
ব্রডের সঙ্গে জুটি বেঁধে শিকারের রেকর্ড গড়লেও ইংলিশ কিংবদন্তি সেরা মানেন অস্ট্রেলিয়ান জুটিকেই।
পরিসংখ্যানে এখন সবার ওপরে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। রেকর্ড বই বলবে, তারা দুজনই এখন সফলতম। তবে সফল মানেই কি সেরা? স্বয়ং অ্যান্ডারসনেরই যেমন ভাবনাটা ভিন্ন। সঙ্গীকে নিয়ে তিনি এখন চূড়ায় বটে, তবে ইংলিশ কিংবদন্তির চোখে সবসময়ের সেরা জুটি শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা।
ওয়ার্ন-ম্যাকগ্রা জুটির রেকর্ডই টপকে গেছেন অ্যান্ডারসন-ব্রড। একসঙ্গে খেলা টেস্টে ওয়ার্ন ও ম্যাকগ্রার শিকার ১ হাজার ১টি। জুটি বেঁধে শিকারে তারা সবার ওপরে ছিলেন দীর্ঘদিন ধরে। নিউ জিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে অস্ট্রেলিয়ান জুটিকে পেছনে ফেলেন অ্যান্ডারসন ও ব্রড। রোববার শেষ হওয়া এই টেস্ট শেষে ইংলিশ জুটির শিকার এখন ১ হাজার ৯ উইকেট।
এই টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ৫টি ব্রড। দুজনে যেভাবে ছুটছেন, তাতে রেকর্ড আরও সমৃদ্ধ হবে নিশ্চিতভাবেই।
তবে রোববার খেলা শুরুর আগে বিটি স্পোর্টসের সঙ্গে কথোপকথনে অ্যান্ডারসন বললেন, তিনি সেরা মানেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন আর পেস কিংবদন্তি জুটিকেই।
“সত্যি বলতে, পরিসংখ্যান তুলে ধরতে পারছে না সত্যিকারের চিত্র। ওয়ার্ন ও ম্যাকগ্রা সম্ভবত আমার দেখা সবসময়ের সেরা জুটি। তাদের পাশে থাকতে পারাই (বড় ব্যাপার)…আমরা নিশ্চিতভাবেই এটা উদযাপন করব।”
ব্রডের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ২০০৮ সালের মার্চে ওয়েলিংটনে একসঙ্গে প্রথমবার টেস্ট খেলতে নামেন অ্যান্ডারসন। ১৫ বছর পর সেই নিউ জিল্যান্ডেই তারা একসঙ্গে পা রাখলেন ক্রিকেট ইতিহাসের চূড়ায়।
পেছন ফিরে তাকিয়ে অ্যান্ডারসন বললেন, দীর্ঘ প্রথচলায় তারা দুজনে পরস্পরের অনুপ্রেরণা ও তাড়না হয়ে আছেন।
“পুরো ভ্রমণেই আমরা পরস্পরকে সহায়তা করেছি, প্রেরণা জুগিয়েছি, লড়াই করেছি। জুটি যখন গড়ে উঠতে শুরু করল, আমরা একে অপরের খেলার ভেতর-বাহির বুঝতে শুরু করেছি এবং মাঠে দুজন দুজনে সহায়তা করেছি।”
