২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারের পর পাকিস্তানের জরিমানা, কাটা গেল পয়েন্টও

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি পেয়েছে পাকিস্তান।

হারের পর পাকিস্তানের জরিমানা, কাটা গেল পয়েন্টও

পার্থ টেস্টে ৩৬০ রানে হারে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 07:21 PM

Updated : 18 Dec 2023, 07:38 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে বড় হারের পর মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে পাকিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা পড়েছে তাদের। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের শাস্তির কথা জানায়। 

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে রোববার ৩৬০ রানে হারে পাকিস্তান। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করে সফরকারীরা।

বড় হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে নেমে যায় পাকিস্তান। পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্টের শতকরা হার ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। 

টেস্টে মন্থর ওভার রেটের সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হলে প্রতি ওভারের জন্য কাটা হয় একটি করে পয়েন্ট। 

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট।