মারুফা-রাবেয়াদের বোলিংয়ে মুগ্ধ ভারতের কোচ
ভারতের ব্যাটিং কোচ অপূর্ব দেশাইয়ের প্রশংসা আদায় করে নিয়েছে বাংলাদেশের বোলিং বিভাগ।
সংবাদ সম্মেলনে রাবেয়া খানের নাম মনে করতে পারলেন না হারমানপ্রিত কৌর। খুব অস্বাভাবিক হয়তো নয়, বাংলাদেশের এক ঝাঁক স্পিনারের মধ্যে প্রায় অচেনা একজনের নাম মনে রাখা ভারত অধিনায়কের জন্য বেশ কঠিন। তবে সেই সমস্যা নেই দলটির ব্যাটিং কোচ অপূর্ব দেশাইয়ের। আগের দুইবারের দেখা থেকে বেশ কয়েকজনকে ভালো করে চেনেন তিনি। উন্নতির গ্রাফটাও তার কাছে স্পষ্ট। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে মিরপুরের কন্ডিশনে বেশ কার্যকর মনে হচ্ছে তার।
প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি বাংলাদেশের বোলাররা। পরের দুই ম্যাচে তাদের বিপক্ষে রান করতে ঘাম ছুটে গেছে ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মেয়েরা থমকে যায় ৯৫ রানে, তৃতীয়টিতে করতে পারে ১০২।
দ্বিতীয় ম্যাচে দারুণ সুযোগ হাতছাড়া করা বাংলাদেশ পরেরটিতে জিতে এড়ায় হোয়াইটওয়াশ। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ উইকেটে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দেশাই। সেখানে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন ভারতের ব্যাটিং কোচ।
১৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার লেগ স্পিনার রাবেয়া। ১৭ রানে ২ উইকেট নেন অফ স্পিনার সুলতানা খাতুন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১ উইকেট নেন ২৩ রানে। লেগ স্পিনার ফাহিমা ২৫ রানে নেন ১ উইকেট।
ভারত পেসারদের নিয়ে বোলিং করায়নি। বাংলাদেশের হয়ে মারুফা ৩ ওভারে দেন কেবল ১৫ রান। আক্রমণাত্মক ব্যাটার স্বর্ণা আক্তার ১ ওভার বোলিং করে নেন ১ উইকেট। দেশাই মনে করেন, মিরপুরের কন্ডিশন অনুযায়ী এই বোলিং আক্রমণ খুবই কার্যকর।
“আমার মনে হয়, বাংলাদেশের স্পিন বোলিং আক্রমণ বেশ ভারসাম্যপূর্ণ। ওদের দুই জন বাঁহাতি স্পিনার আছে, দুই জন ডানহাতি লেগ স্পিনার আছে, একজন অভিজ্ঞ অফ স্পিনার আছে। ওদের অনেককেই হংকংয়ে দেখেছি। ওরা বেশ ধারাবাহিক, জানে এই ধরনের কন্ডিশন কীভাবে কাজে লাগাতে হয়। এই ধরনের কন্ডিশনের জন্য খুব ভালো বোলিং আক্রমণ।”
“মারুফা খুব ভালো বোলার। ওদের আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেখেছি, ইমার্জিং টিমস এশিয়া কাপে দেখেছি, এ নিয়ে তৃতীয়বার ওদের দেখছি। ওদের মনোভাব, ওদের খেলা, ওদের স্কিলের মান নিয়ে আমি খুশি। স্বর্ণা অনেক দূরে বল পাঠাতে পারে। মারুফা বোলার হিসেবে আক্রমণাত্মক। ওদের সবাইকে নিয়ে আমি মুগ্ধ, এর মধ্যে রাবেয়াও আছে। আমি মনে করি, এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের বোলিং ভালো হাতেই আছে।”
