২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজবল’ ক্রিকেটেই বোলারদের বেশি সুযোগ দেখছেন বুমরাহ

ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটে ভড়কে যাচ্ছেন না ভারতীয় ফাস্ট বোলার, প্রতিপক্ষের কৌশলকেই কাজে লাগাতে চান নিজের পক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 11:50 AM

Updated : 23 Jan 2024, 02:26 PM

‘বাজবল’ কতটা ভয়ঙ্কর, সেই স্বাদ বেশ আগেই পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার টেস্ট নেতৃত্বের অভিষেক বিষিয়ে তুলেছিল ইংল্যান্ড। এবার ভারতের মাঠেও আগ্রাসনের সেই মন্ত্র নিয়েই আসছে ইংলিশরা। তবে তাতে ভড়কে যাচ্ছেন না বুমরাহ, বরং এটিকেই মনে করছেন সুযোগ। প্রতিপক্ষের কৌশলকেই নিজের পক্ষে কাজে লাগাতে চান এই ফাস্ট বোলার।

ইংল্যান্ড ‘বাজবল’ ঘরানার ক্রিকেট শুরু করার পর একটি ম্যাচেই মুখোমুখি হয়েছে দুই দল। ২০২২ সালের জুনে এজবাস্টনে সেই টেস্টে প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পায় ভারত। শেষ ইনিংসে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ৩৭৮। সেই কঠিন চ্যালেঞ্জ তুড়ি মেরে উড়িয়ে দেয় বেন স্টোকসের দল। জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে ওভারপ্রতি প্রায় ৫ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা ৭ উইকেটে।

সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে খুব একটা প্রভাব রাখতে পারেননি। ২টি উইকেট নিলেও রান দেন ওভারপ্রতি প্রায় সাড়ে চার করে।

এবার সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহ বললেন, ইংল্যান্ড একই ঘরানায় খেললে বোলার হিসেবে সম্ভাবনাই দেখেন তিনি।

“বাজবল নামক পরিভাষাটি ঠিক বুঝে উঠতে পারি না আমি। তবে তারা সফল ক্রিকেট খেলছে এবং এই আগ্রাসী পথ বেছে নিয়ে প্রতিপক্ষের ওপর দাপট দেখাচ্ছে, গোটা বিশ্বকে দেখাচ্ছে যে, টেস্ট ক্রিকেট এভাবেও খেলা যায়।”

“বোলার হিসেবে আমি মনে করি, তাদের এই কৌশল আমাকে খেলায় সম্পৃক্ত রাখে। তারা যদি এভাবে খেলে, এতটা আগ্রাসী, এর মানে তারা আমাকে ক্লান্ত করে তোলার পথ বেছে নিচ্ছে না। সেক্ষেত্রে একগাদা উইকেট পাওয়ার সুযোগ আছে আমার। আমি সবসময় ভাবি, এটাকে কীভাবে নিজের পক্ষে কাজে লাগাতে পারি আমি। তাদের প্রশংসা করতেই হবে। তাদের এই কৌশল বোলার হিসেবে আমার সম্ভাবনাও জিইয়ে রাখে।”

এই সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটের প্রতি নিজের অনুরাগের কথাও বলেছেন বুমরাহ। যদিও তার আবির্ভাব টি-টোয়েন্টি দিয়ে এবং বড় মঞ্চে নজর কাড়ার শুরু আইপিএল দিয়ে। এই ফ্র্যাঞ্চাইজি আসরে পারফর্ম করেই ক্রমে ভারতের হয়ে খেলেছেন সব সংস্করণে, নিজেকে তুলে নিয়েছেন সময়ের সেরা ফাস্ট বোলারদের কাতারে। তবে বোলার হিসেবে তিনি সবচেয়ে গুরুত্ব দেন টেস্ট ক্রিকেটকে।

“আমি সেই ঘরানার একজন, যাদের কাছে টেস্ট ক্রিকেটই রাজা। নিজেকে সবসময় টেস্ট ক্রিকেট দিয়েই বিচার করব আমি। হ্যাঁ, আমার শুরু আইপিএল দিয়ে। তবে বোলিং করতে শিখেছি প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে। সেখানেই আমার স্কিল গড়ে উঠেছে, উইকেট নেওয়ার শিল্প রপ্ত করেছি।”

“টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানকে আউট করতে জানতে হয়, এটিই বোলারদেরকে চ্যালেঞ্জ জানায়। টি-টোয়েন্টি বা ওয়ানডেতে ৫টি স্লোয়ার ডেলিভারি দিয়েই ৫টি উইকেট মিলতে পারে। কিন্তু টেস্ট ম্যাচে হয়তো একটিও মিলবে না। টেস্ট ক্রিকেটে সৌভাগ্য বলে কিছু নেই, সেরা দলই সবসময় জেতে। স্রেফ ভাগ্যের জোরে ২০ উইকেট নেওয়া যায় না। সাদা বলের ক্রিকেট দিয়ে কখনোই খুশি ছিলাম না আমি এবং আমার কাছে টেস্ট ক্রিকেটই চূড়ান্ত।”

নিজের প্রিয় সেই সংস্করণেই বুমরাহর আরেকটি কঠিন চ্যালেঞ্জ এখন অপেক্ষায়। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের সিরিজ শুরু বৃহস্পতিবার হায়দরাবাদ টেস্ট দিয়ে।