‘বোলিং কাউকে করতেই হবে, এমন কোনো কথা নেই’
খুব বেশি প্রয়োজন অনুভব করেননি বলেই মিরপুর টেস্টে বেশি ওভার বোলিং করেননি, বললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচের প্রথম তিন দিন ধরে যা ছিল প্রবল উচ্চারিত প্রশ্ন, অবশেষে সেটি নিয়ে কিছু ধারণা পাওয়া গেল চতুর্থ দিনের খেলা শেষে। রহস্যের অবসান হলো কি না, তা অবশ্য বলা কঠিন। তবে সাকিব আল হাসান কেন মিরপুর টেস্টে বোলিং বেশি করেননি, এর উত্তর পাওয়া গেল। বাংলাদেশ অধিনায়ক নিজেই বললেন, নিজের বোলিং করা খুব জরুরি মনে করেননি তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাকিব বোলিংয়ে আসেন ৬৫ ওভারের পর। ৩ ওভারের স্পেল শেষে আর হাত ঘোরাননি তিনি।
এই টেস্টে যদিও ৬ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। তবে দেশের সফলতম বোলার ও অধিনায়কের এত পরে বোলিংয়ে আসা বিস্ময় জাগায় যথেষ্টই। তাইজুল ইসলামের ৫ উইকেট ও অন্য বোলারদের পারফরম্যান্সে অবশ্য প্রথম দিনেই আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
সাকিবের কম বোলিং করা নিয়ে প্রশ্ন বেশি উঠতে শুরু করে দ্বিতীয় ইনিংসে। এই দফায় তিনি অবশ্য বল হাতে নেন শুরুতেই। দ্বিতীয় দিন শেষ বিকেলে ৭ ওভার দুর্দান্ত বোলিং করে শিকার করেন ২টি উইকেট। তৃতীয় দিনেও তিনি নতুন বল হাতে নেন সকালেই। তবে ৩ ওভারের স্পেল শেষে সরিয়ে নেন নিজেকে।
এ দিন ব্যাটিংয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আয়ারল্যান্ড। একটির পর একটি জুটি গড়ে তোলে তারা, অভিষেকে সেঞ্চুরি করেন লর্কান টাকার। সারা দিনে তারা উইকেট হারায় স্রেফ ৪টি। আইরিশদের জুটি ভাঙতে এ দিন গলদঘর্ম হতে হয় বোলারদের। কিন্তু গোটা দিনে ৪টি ভিন্ন স্পেলে সাকিব বোলিং করেন স্রেফ ৬ ওভার।
প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম স্পষ্ট করে বলতে পারেননি সাকিবের এত পরে বোলিংয়ে আসার কারণ। তৃতীয় দিন শেষে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বলেন, অধিনায়ক এত কম বোলিং করেছেন কেন, তার কোনো ধারণা নেই। তিনি অকপটেই বলেন, সাকিব এ দিন বোলিং করলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
ম্যাচের চতুর্থ দিন শেষ পর্যন্ত আইরিশদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে তার বোলিং কম করা নেই। সাকিব বললেন, বোলিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করেননি তিনি।
“নাহ… ওরকম তো কোনো ব্যাখ্যা নেই (কম বোলিং করার)। বোলিং কাউকে করতেই হবে, এমন কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র সবসময় ব্যবহার করার দরকার নেই তো।”
কিন্তু তৃতীয় দিনে যখন আইরিশরা দারুণ ব্যাটিংয়ে হতাশ করছিলেন বাংলাদেশকে, তখন বোলিংয়ের তাগিদ অনুভব করছিলেন কি না, এই প্রশ্ন শেষ হওয়ার আগেই সাকিব বললেন, “এটার মানে কি যে আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না!”
হ্যারি টেক্টর ও লর্কান টাকার ১৪৫ বল খেলে ৭২ রানের জুটি গড়লেন, পরে টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১১ রানের জুটি গড়লেন ১৭১ বল খেলে, তখন অন্য বোলারদের কার্যকারিতা নিশ্চিতভাবেই ছিল কম। দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফলতম বোলারের তখন আক্রমণে না আসাটা কৌতূহল জাগানিয়া বটে। তবে সাকিব এটিকে দেখছেন স্বাভাবিক হিসেবেই।
“আমাদের যথেষ্ট বোলার আছে ২০ উইকেট নেওয়ার মতো এবং আমার ওদের প্রতি বিশ্বাস আছে। ওরা সেটা করে দেখিয়েছে। বিশেষ করে এমন একটি জায়গায় খেলা হয়েছে, যে ধরনের পিচে আমরা বেশি খেলি না। প্রথম ৩ দিনে খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। মিরপুরে সাধারণত ৩ দিন এত ভালো ব্যাটিং উইকেট থাকে না। এমনকি আজকেও অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল।”
